বস্তি থেকে বিলিয়নিয়ার: দুবাইয়ে ২০ হাজার কোটি রুপির সাম্রাজ্য গড়লেন রিজওয়ান সাজান

বস্তি থেকে বিলিয়নিয়ার: দুবাইয়ে ২০ হাজার কোটি রুপির সাম্রাজ্য গড়লেন রিজওয়ান সাজান রিজওয়ান সাজান, ইনস্টাগ্রাম থেকে।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:২৯, ১৩ জুন ২০২৬

দুবাইয়ের অভিজাত এলাকায় ৪০ হাজার বর্গফুটের বিলাসবহুল প্রাসাদ, বহুমুখী ব্যবসায়িক সাম্রাজ্য এবং হাজার হাজার কোটি রুপির সম্পদ—সবকিছুর পেছনে রয়েছে এক সময়ের সংগ্রামী কিশোরের গল্প। মুম্বাইয়ের একটি সাধারণ বস্তি থেকে উঠে এসে মধ্যপ্রাচ্যের অন্যতম সফল উদ্যোক্তায় পরিণত হয়েছেন রিজওয়ান সাজান

বর্তমানে তিনি দুবাইভিত্তিক ড্যানিউব গ্রুপ–এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। নির্মাণসামগ্রী, হোম ইন্টেরিয়র এবং রিয়েল এস্টেট খাতে বিস্তৃত এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি গড়ে তুলেছেন বিশাল ব্যবসায়িক নেটওয়ার্ক।

রিজওয়ানের শৈশব ছিল অভাব-অনটনে ভরা। স্কুলে সহপাঠীরা ক্যানটিনে খাবার খেলেও তিনি অনেক সময় সামান্য সমুচা কেনার অর্থ জোগাড় করতে পারতেন না। সেই অভিজ্ঞতাই তাকে অল্প বয়সে ব্যবসার পথে নিয়ে যায়।

মাত্র ১৪ বছর বয়সে বাবার কাছ থেকে ধার নেওয়া এক হাজার রুপি দিয়ে তিনি স্কুলের বই বিক্রির ব্যবসা শুরু করেন। প্রথম মৌসুমেই লাভ করেন ২০০ রুপি। এরপর বিভিন্ন সময়ে রাখি, আতশবাজি ও অন্যান্য মৌসুমি পণ্য বিক্রি করে ধীরে ধীরে ব্যবসায়িক অভিজ্ঞতা অর্জন করেন।

১৮ বছর বয়সে বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব কাঁধে এসে পড়ে। জীবিকার সন্ধানে তিনি কুয়েতে পাড়ি জমান। সেখানে চাকরি করলেও ব্যবসায়িক মানসিকতা তাকে নতুন সুযোগ খুঁজতে অনুপ্রাণিত করে।

১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধের সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া প্রবাসীদের জন্য বার্তা আদান-প্রদানের উদ্যোগ নিয়ে তিনি অতিরিক্ত আয় করতে শুরু করেন। ঝুঁকিপূর্ণ সেই অভিজ্ঞতা তার উদ্যোক্তা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে।

পরবর্তীতে দুবাইয়ে এসে সীমিত সঞ্চয় নিয়ে নতুন ব্যবসা শুরু করেন রিজওয়ান। ধীরে ধীরে নির্মাণসামগ্রীর বাজারে শক্ত অবস্থান তৈরি করে ড্যানিউব গ্রুপকে মধ্যপ্রাচ্যের অন্যতম পরিচিত ব্র্যান্ডে পরিণত করেন।

বর্তমানে তার সম্পদের পরিমাণ প্রায় ২০ হাজার কোটি রুপি বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। তবে রিজওয়ানের মতে, অর্থ নয়, বরং কাজের প্রতি ভালোবাসা ও অধ্যবসায়ই তার সাফল্যের মূল চালিকাশক্তি।

আজ তিনি বিলাসবহুল জীবনযাপন করলেও নিজের সংগ্রামের দিনগুলোর কথা ভুলে যাননি। তার বিশ্বাস, সুযোগ ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো পরিস্থিতি থেকে আবারও নতুনভাবে শুরু করা সম্ভব।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে
 

শেয়ার করুনঃ
Advertisement