হিজলায় উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও নতুন প্রকল্প ঘোষণা

হিজলায় উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও নতুন প্রকল্প ঘোষণা

হিজলা প্রতিনিধি:

Published : ০২:১৪, ১৪ জুন ২০২৬

বরিশালের হিজলা উপজেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন এবং চলমান উন্নয়ন কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান।

শনিবার (১৩ জুন ২০২৬) হিজলা উপজেলা পরিষদে আয়োজিত এক সভায় তিনি জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক খাইরুল ইসলাম সুমন, বরিশালের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সমাজসেবা অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ শিকদার, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে হিজলা উপজেলার অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধি করতে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় হিজলা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

এছাড়াও উপজেলা চত্বরে এক হাজার আসনবিশিষ্ট আধুনিক অডিটোরিয়াম নির্মাণ, হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের কথা জানান তিনি।

এ সময় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের প্রত্যাশা, ঘোষিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত হলে হিজলা উপজেলার শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পরিবেশ উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

শেয়ার করুনঃ
Advertisement