বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট, বিপাকে লাখো ব্যবহারকারী

বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট, বিপাকে লাখো ব্যবহারকারী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:০৫, ১৩ জুন ২০২৬

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক শুক্রবার (১২ জুন) বিশ্বব্যাপী বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়েছে। দুপুর থেকে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে প্রবেশ, লগইন এবং নিউজফিড ব্যবহার করতে না পারার অভিযোগ জানিয়েছেন।

বিভিন্ন ওয়েবসাইট ও অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্মগুলোর তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজারেরও বেশি ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। ব্যবহারকারীদের অভিযোগ অনুযায়ী, অনেকেই নিউজফিড লোড করতে পারছেন না, আবার কেউ কেউ লগইন সংক্রান্ত জটিলতার সম্মুখীন হচ্ছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সমস্যাটি কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্র, ফিলিপাইনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে একযোগে অভিযোগ পাওয়া গেছে, যা এটিকে বৈশ্বিক বিভ্রাট হিসেবে চিহ্নিত করছে।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান Meta এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করেনি। ফলে বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ কিংবা সেবা পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, এটি সার্ভার বা অবকাঠামোগত কোনো সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে বিষয়টি নিয়ে মেটার প্রকৌশলীরা কাজ করছেন বলে মনে করা হচ্ছে।

বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীর অন্যতম যোগাযোগ মাধ্যম ফেসবুকের এই অচলাবস্থায় সামাজিক যোগাযোগ, ব্যবসায়িক প্রচারণা এবং অনলাইন কনটেন্ট ব্যবস্থাপনায় সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement