দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি

দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৩০, ১৪ জুন ২০২৬

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার ভিত্তিতে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে আটক করে।

রোববার (১৪ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, গত ১২ জুন বেনজীর আহমেদকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে তিনি দুবাইয়ে আটক রয়েছেন। দুবাইয়ের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) বাংলাদেশকে জানিয়েছে, গ্রেফতারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন জমা দিতে হবে। সরকার দ্রুততম সময়ের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটি বাংলাদেশ পুলিশের জন্য একটি ঐতিহাসিক সাফল্য। অপরাধী যতই প্রভাবশালী বা ক্ষমতাবান হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।”

এর আগে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পর আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দেন।

অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে বেনজীর আহমেদ, তার স্ত্রী এবং দুই কন্যার বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করে দুদক। মামলাগুলোতে প্রায় ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

সরকারি সূত্র বলছে, প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হলে বেনজীর আহমেদকে দেশে এনে মামলাগুলোর বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

শেয়ার করুনঃ
Advertisement