প্রথম সরকারি সফরে কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান
Published : ১৩:৩৪, ১৩ জুন ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকালে কক্সবাজার সফরে পৌঁছেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম কক্সবাজার সফর, যা বিভিন্ন উন্নয়ন, পরিবেশ ও জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হচ্ছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে সকাল ৯টা ৫৩ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সফরে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গী রয়েছেন।
কক্সবাজার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর মোঃ হেলাল উদ্দিন, প্রতিমন্ত্রী শরিফুল এবং জেলা প্রশাসক মো. আবদুল মান্নানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সরাসরি পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন প্রকল্প এলাকায় যান। সেখানে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি স্থানীয় জনগণের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি দুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন এবং মাছুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।
এছাড়া পেকুয়া উপজেলায় ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদ মো. ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। একই সফরে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনও করবেন তিনি।
বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে তিনি কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত এলাকা পরিদর্শন করবেন।
সন্ধ্যায় লং বিচ হোটেল-এ এক সুধী সমাবেশে যোগ দেওয়ার পর রাতেই ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে তাঁর।
গত বছরের ২৫ ডিসেম্বর দীর্ঘ সময় বিদেশে অবস্থানের পর দেশে ফেরেন তারেক রহমান। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। কক্সবাজার সফরকে তাঁর সরকারের উন্নয়ন ও পরিবেশভিত্তিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
































