মারা গেলেন ভারতের সংগীতশিল্পী রবি দে, তিন দিন পর উদ্ধার মরদেহ
Published : ১১:২৬, ১৯ আগস্ট ২০২৬
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের সংগীতশিল্পী রবি দে। গত ১৪ আগস্ট রাতে দক্ষিণ-পূর্ব দিল্লির গোবিন্দপুরী এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। খবর: টাইমস অব ইন্ডিয়া।
স্থানীয়রা জানান, রবি দে’র বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি পুলিশ কনট্রোল রুমে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায়, বাড়ির প্রধান গেটটি ভেতর থেকে তালাবদ্ধ। গেটটি লোহার তৈরি হওয়ায় অন্য কোনো পথ দিয়েও ভেতরে প্রবেশের সুযোগ ছিল না।
পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পুলিশ। সেখান থেকে রবি দে’র মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মৃত্যুর প্রায় তিন দিন পর মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, গত তিন বছর ধরে ওই বাসায় একাই বসবাস করছিলেন এই সংগীতশিল্পী। প্রাথমিক তদন্তে তার মৃত্যুর ঘটনায় কোনো অন্তর্ঘাত বা ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে গত ১৬ আগস্ট ময়নাতদন্ত শেষে রবি দে’র মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
তদন্তের সময় রবি দে’র দুই ছেলে তর্জ ও রঙ্গন পুলিশকে জানান, বাবা-মায়ের বিচ্ছেদের পর থেকেই তাদের বাবা ওই বাসায় একাই থাকতেন। কাজের ব্যস্ততার কারণে মৃত্যুর আগে দুই-তিন দিন তারা বাবার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।


































