নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে লিগ্যাল নোটিশ

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে লিগ্যাল নোটিশ চিত্রনায়িকা পরীমনি | ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১১:৩৮, ৮ নভেম্বর ২০২৬

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠিয়েছেন।

রোববার (৮ নভেম্বর) শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় নোটিশটি পাঠানো হয়।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয়, অঙ্গভঙ্গি কিংবা নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে বিরত থাকার নির্দেশনা চাওয়া হয়েছে। নোটিশে এসব কর্মকাণ্ড চলচ্চিত্র, ভিডিও, অডিও-ভিজ্যুয়াল, স্থিরচিত্র, গ্রাফিকস বা অন্য কোনো মাধ্যমে ধারণ ও প্রদর্শনের বিষয়েও আপত্তি জানানো হয়েছে। নোটিশদাতার দাবি, এসব কর্মকাণ্ডের কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই।

এ ছাড়া আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়ে পরীমনির বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগ্‌বিতণ্ডাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। পরীমনি ও তাঁর দেহরক্ষীদের অভিযোগ, ওই সাংবাদিক তাঁর গায়ে হাত দিয়েছিলেন। অন্যদিকে সাংবাদিকের দাবি, ভিডিও ধারণের সময় পরীমনি তাঁর মোবাইল ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। পরে তিনি নিজের ফোনটি ফেরত নেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির একটি পোস্ট ঘিরেও নতুন করে সমালোচনা শুরু হয়। আদালত থেকে বের হওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি শব্দের একটি আপত্তিকর ও আক্রমণাত্মক পোস্ট দেন তিনি। পোস্টটি কাকে উদ্দেশ করে দেওয়া হয়েছিল, তা স্পষ্ট না হলেও এক ঘণ্টার মধ্যে এতে হাজার হাজার প্রতিক্রিয়া পড়ে। তবে মন্তব্যের ঘর বন্ধ থাকায় অনুসারীরা সরাসরি মন্তব্য করতে পারেননি।

শেয়ার করুনঃ
Advertisement