‘পাবলো’ দিয়ে সংগীতে হানিয়া আমিরের অভিষেক

‘পাবলো’ দিয়ে সংগীতে হানিয়া আমিরের অভিষেক ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১২:৩২, ১২ সেপ্টেম্বর ২০২৬

অভিনয়ের পর এবার সংগীতের জগতে পা রাখলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। নিজের প্রথম গান ‘পাবলো’ প্রকাশের মধ্য দিয়ে সংগীতশিল্পী হিসেবে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেছেন তিনি।

শুধু কণ্ঠ দেওয়ার মধ্যেই নিজের প্রথম গানকে সীমাবদ্ধ রাখেননি হানিয়া। ‘পাবলো’র কথা, সুর ও সংগীত পরিচালনার দায়িত্বও নিজেই সামলেছেন। ফলে গানটি তাঁর কাছে নিছক নতুন একটি কাজ নয়, বরং নিজের সৃজনশীল ভাবনা প্রকাশেরও একটি মাধ্যম।

গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। পাকিস্তানের বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন তারকা হানিয়াকে অভিনন্দন জানানোর পাশাপাশি তাঁর নতুন উদ্যোগের প্রশংসা করেছেন।

হানিয়ার প্রথম গানটিতে রয়েছে আরও একটি চমক। ‘পাবলো’র শেষাংশে হঠাৎ শোনা যায় ভারতের অভিনেত্রী রাখি সাওয়ান্তের কণ্ঠ। হানিয়ার গান নিয়ে প্রশংসাসূচক একটি ভয়েস বার্তা পাঠিয়েছেন তিনি।

দুই দেশের দুই পরিচিত তারকার এই সংযোগ প্রকাশ্যে আসার পর গানটি নিয়ে দর্শকদের আগ্রহও বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে চলছে নানা আলোচনা।

অভিনেত্রী হিসেবে ইতোমধ্যেই পাকিস্তানের বিনোদন অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন হানিয়া আমির। নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জনপ্রিয়তাও তাকে আলোচনায় রেখেছে। এবার সেই পরিচয়ের সঙ্গে যুক্ত হলো সংগীতশিল্পীর পরিচয়।

‘পাবলো’ দিয়ে সংগীতে হানিয়ার এই নতুন যাত্রা ভবিষ্যতে কতটা বিস্তৃত হয়, সেটিই এখন দেখার বিষয়। অভিনয়ের পাশাপাশি নিয়মিত গানেও তাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে ইতোমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে তাঁর ভক্তদের মধ্যে।

শেয়ার করুনঃ
Advertisement