ডিসেম্বরে বিয়ে করছেন মিমি চক্রবর্তী? পাত্র নেভির উচ্চপদস্থ কর্মকর্তা

ডিসেম্বরে বিয়ে করছেন মিমি চক্রবর্তী? পাত্র নেভির উচ্চপদস্থ কর্মকর্তা ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১২:০২, ১২ সেপ্টেম্বর ২০২৬

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন। বিয়ের অনুষ্ঠান হতে পারে পাহাড়ি শহর কালিম্পংয়ে।

হিন্দুস্তান টাইমস বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মিমির হবু বরের নাম সিদ্ধার্থ। তিনি বিনোদন জগতের কেউ নন; পেশায় ভারতীয় নৌবাহিনীর (নেভি) একজন উচ্চপদস্থ কর্মকর্তা। কয়েক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মিমির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে কলকাতার কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ডিসেম্বরের বিয়েকে সামনে রেখে দুই পরিবার ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। এমনকি ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের আমন্ত্রণপত্র পাঠানোর কথাও বলা হয়েছে। তবে মিমি বা তার কথিত হবু বর এখনো বিয়ে নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

মিমির বিয়ে নিয়ে গুঞ্জন অবশ্য এবারই প্রথম নয়। ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময়ে আলোচনা হলেও অভিনেত্রী বরাবরই নিজের ক্যারিয়ারকে গুরুত্ব দিয়েছেন। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রায় এক দশক পেরিয়ে গেলেও এরপর তার কোনো সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি।

এদিকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিমি। সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’সহ বেশ কয়েকটি নতুন সিনেমায় কাজ করছেন তিনি। এর মধ্যেই বিয়ের গুঞ্জন সামনে আসায় ভক্তদের আগ্রহও বেড়েছে।

শেয়ার করুনঃ
Advertisement