সালমান শাহর ৩০তম প্রয়াণবার্ষিকী: ‘বিশ্বাস হয় না, তুমি নেই সালমান’, আবেগঘন স্মৃতিচারণ শাবনূরের

সালমান শাহর ৩০তম প্রয়াণবার্ষিকী: ‘বিশ্বাস হয় না, তুমি নেই সালমান’, আবেগঘন স্মৃতিচারণ শাবনূরের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৪০, ৬ সেপ্টেম্বর ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর অকালপ্রয়াণের তিন দশক পূর্ণ হলেও ভক্ত ও সহকর্মীদের মনে তার আবেদন আজও অমলিন। এই জনপ্রিয় নায়কের ৩০তম প্রয়াণদিবসে তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে একটি আবেগঘন বার্তা দিয়েছেন তার সবচেয়ে জনপ্রিয় পর্দা-সঙ্গিনী ও চিত্রনায়িকা শাবনূর।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিশেষ বার্তায় শাবনূর প্রয়াত এই নায়কের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কথা প্রকাশ করে লিখেছেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান। এত বছর পেরিয়ে গেলেও তোমার স্মৃতি আজও হৃদয়ে অমলিন। পর্দার সেই প্রিয় রাজপুত্র, মানুষের ভালোবাসার সেই স্বপ্নের নায়ক তুমি আজও বেঁচে আছো আমাদের স্মৃতিতে, আমাদের ভালোবাসায়।’

শাবনূর আরও উল্লেখ করেন, ‘তোমার অকাল প্রয়াণে আমাদের চলচ্চিত্র অঙ্গনে যে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছিল, তা আজও পূরণ হয়নি। সময় চলে গেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তোমার জনপ্রিয়তা আর অভিনয়ের মায়া আজও মানুষের হৃদয়ে সমানভাবে জীবন্ত।’

বার্তার শেষে সালমানের আত্মার মাগফেরাত কামনা করে এই অভিনেত্রী লেখেন, ‘তোমার ৩০তম প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা। যেখানেই আছো, ভালো থেকো প্রিয় সালমান শাহ। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন।’

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবী ছেড়ে চলে যান সালমান শাহ। চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে তার জুটি ঢালিউডের ইতিহাসে অন্যতম সফল ও কালজয়ী অধ্যায় হয়ে আছে। সময়ের ব্যবধান বাড়লেও ভক্তদের হৃদয়ে সালমান শাহ চিরকাল এক উজ্জ্বল নক্ষত্র হয়েই থাকবেন।

শেয়ার করুনঃ
Advertisement