নতুন সিনেমা ‘লজ্জা’য় নুসরাত ফারিয়া, সহশিল্পী বাঁধন

নতুন সিনেমা ‘লজ্জা’য় নুসরাত ফারিয়া, সহশিল্পী বাঁধন ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১২:০১, ১২ সেপ্টেম্বর ২০২৬

জন্মদিনের পরপরই নতুন সিনেমার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ‘লজ্জা’ নামের নতুন চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন আজমেরী হক বাঁধন।

ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হবে সিনেমাটি। পরিচালনায় থাকছেন এম এইচ খোকন। এরই মধ্যে সিনেমাটির চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রযোজনা প্রতিষ্ঠান ও সিনেমাটির কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

‘লজ্জা’র গল্প লিখেছেন আবদুল আজিজ। সমাজসচেতন একটি বিষয়কে কেন্দ্র করে নির্মিত হবে সিনেমাটি। তবে গল্পের বিস্তারিত কিংবা নুসরাত ফারিয়ার চরিত্র সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। দুই নারী অভিনয়শিল্পী ফারিয়া ও বাঁধনের একসঙ্গে পর্দায় আসার বিষয়টি এরই মধ্যে দর্শকদের আগ্রহ তৈরি করেছে।

আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। নির্মাণ শেষে আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। পরে আইস্ক্রিনেও মুক্তি পাবে সিনেমাটি।

এদিকে নুসরাত ফারিয়ার কাজের তালিকায় রয়েছে ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’। মেহেদী হাসানের পরিচালনায় ছবিটির শুটিং প্রায় শেষ পর্যায়ে। একটি গানের দৃশ্যধারণ বাকি রয়েছে। আগামী অক্টোবরে আইস্ক্রিনে এটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করা ফারিয়া এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-২’, ‘পটাকা’, ‘শাহেনশাহ’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা, মডেলিং, সংগীত ও ওয়েবভিত্তিক কাজেও নিজের উপস্থিতি ধরে রেখেছেন তিনি।

শেয়ার করুনঃ
Advertisement