নেপালের দুর্যোগে ৩৭ দিন পর জীবিত মালয়েশিয়ান পর্যটক

নেপালের দুর্যোগে ৩৭ দিন পর জীবিত মালয়েশিয়ান পর্যটক ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১২:০২, ৪ অক্টোবর ২০২৬

নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর ৩৭ দিন নিখোঁজ থাকার পর এক মালয়েশিয়ান পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে তিনি নিরাপদে মালয়েশিয়ায় ফিরে গেছেন বলে জানিয়েছে ‘মালয়েশিয়া সলিডারিটি: ফ্যামিলিজ ইন হোপ’ (মাসফি)।

শুক্রবার (২ অক্টোবর) সংগঠনটির মুখপাত্র মনিভান্নান রেথিনাম এক বিবৃতিতে জানান, উদ্ধার হওয়া ওই নাগরিক কাঠমান্ডুতে মালয়েশিয়ার দূতাবাসে গিয়ে নিজের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন। দীর্ঘ সময় পর তার সন্ধান পাওয়ায় এখনো নিখোঁজ থাকা অন্য মালয়েশিয়ানদের পরিবারগুলোর মধ্যেও নতুন করে আশার সৃষ্টি হয়েছে।

সংগঠনটির তথ্য অনুযায়ী, গত ২৫ আগস্ট বিকেল ৩টা ২৬ মিনিটে বন্যা শুরুর এক দিন আগে ওই পর্যটককে নাগথালি ভিউপয়েন্ট এলাকায় দেখা গিয়েছিল। পরদিন ভয়াবহ বন্যা ও ভূমিধসে সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হলে তিনি দুর্গম এলাকায় আটকা পড়েন।

দুর্যোগের কারণে ওই এলাকায় বিদ্যুৎ ও নিরাপদ পানির সংকট দেখা দেয়। যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় দীর্ঘ সময় তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে ২৭ আগস্ট মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, নেপালে বন্যার পর কাঠমান্ডুতে দেশটির দূতাবাসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া ৫৫ জন মালয়েশিয়ান নাগরিকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বিশ্লেষণ অনুযায়ী, হিমালয়ের লাংটাং লিরুং পর্বতের কাছে হিমবাহ ও বরফ ধস থেকে সৃষ্ট কম্পনের শক্তি ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের সমতুল্য ছিল।

প্রতিবেদন অনুযায়ী, ভয়াবহ এই দুর্যোগে নেপাল ও পার্শ্ববর্তী তিব্বত অঞ্চলে এক হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এখনো পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

দুর্যোগে নেপালের বিভিন্ন এলাকার সড়ক ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার অভিযানও ব্যাহত হচ্ছে। ১৭ সেপ্টেম্বর নেপালের পর্যটন দপ্তরের তথ্য অনুযায়ী, ভারত, যুক্তরাষ্ট্র, ইউক্রেন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও চীনসহ ৩০টির বেশি দেশের নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন।

বিষয়ঃ
শেয়ার করুনঃ
Advertisement