অবসরের পর ভারতের ৯টি শহরে কনসার্টের ঘোষণা গায়ক অরিজিতের
Published : ১৫:০৬, ৬ অক্টোবর ২০২৬
প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও ভক্তদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় ভারতীয় গায়ক অরিজিত সিং। নতুন কোনো প্লেব্যাকের দায়িত্ব না নেওয়ার সিদ্ধান্ত জানালেও মঞ্চ থেকে দূরে থাকছেন না তিনি। অবসরের পর প্রথমবারের মতো ভারতজুড়ে কনসার্ট সফরের ঘোষণা দিয়েছেন এই তারকা গায়ক।
২০২৭ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত ভারতের নয়টি শহরে পারফর্ম করবেন অরিজিত। দুই দশকের সঙ্গীতজীবন উদযাপন এবং দীর্ঘদিনের শ্রোতাদের সঙ্গে সরাসরি সেই যাত্রার স্মৃতি ভাগ করে নিতেই এ বিশেষ সফরের আয়োজন করা হয়েছে।
সফর শুরু হবে ২০২৭ সালের ৯ জানুয়ারি আহমেদাবাদ থেকে। এরপর চণ্ডীগড়, জয়পুর, মুম্বাই, বেঙ্গালুরু, নয়াদিল্লি, পুনে, ইন্দোর ও হায়দরাবাদে ধারাবাহিকভাবে কনসার্ট করবেন তিনি।
তবে প্রকাশিত সূচিতে কলকাতার নাম না থাকায় অরিজিতের ভক্তদের একাংশের মধ্যে প্রশ্ন উঠেছে। পশ্চিমবঙ্গের এই গায়ক নিজের রাজ্যে এবার কোনো অনুষ্ঠান রাখেননি কেন—সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
চলতি বছরের শুরুতে প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন অরিজিত। তবে আগে থেকে করা চুক্তির কারণে তাঁর কণ্ঠে নতুন কিছু গান সিনেমায় প্রকাশিত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। সালমান খানের মুক্তির অপেক্ষায় থাকা ‘মাতৃভূমি’ সিনেমাতেও তাঁর গাওয়া গান শোনা যাবে বলে জানানো হয়েছে।
নিজের আসন্ন সফর নিয়ে অরিজিত জানিয়েছেন, দুই দশকের সঙ্গীতজীবনের জন্য তিনি অত্যন্ত কৃতজ্ঞ। তাঁর মতে, এই দীর্ঘ যাত্রার সবচেয়ে বড় প্রাপ্তি শ্রোতাদের ভালোবাসা। সেই ভালোবাসার কারণেই তাঁর গান বারবার নতুন জীবন পেয়েছে।
দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে শ্রোতাদের সঙ্গে সরাসরি সেই ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য তিনি উচ্ছ্বসিত বলেও জানিয়েছেন। বহু বছরের গান, স্মৃতি ও শ্রোতাদের সঙ্গে আবার দেখা হওয়ার অপেক্ষায় রয়েছেন জনপ্রিয় এই শিল্পী।
































