দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা আটক, ব্যারিকেডে উঠলেন রাহুল

দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা আটক, ব্যারিকেডে উঠলেন রাহুল ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৫:২৭, ৬ অক্টোবর ২০২৬

ভারতের নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর অভিমুখে ইন্ডিয়া জোটের মিছিল আটকে দিয়েছে পুলিশ। এ সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) পার্লামেন্ট থেকে নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে মিছিলের সময় এ ঘটনা ঘটে।

বিরোধী সংসদ সদস্যদের মিছিল নির্বাচন কমিশনের কার্যালয়ের কাছাকাছি পৌঁছালে পুলিশ একাধিক স্তরের ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। একপর্যায়ে রাহুল গান্ধী একটি ব্যারিকেডের ওপর উঠে ভারতের জাতীয় পতাকা হাতে দাঁড়ান। তার সঙ্গে কয়েকজন বিরোধী নেতাকেও ব্যারিকেডের ওপর উঠতে দেখা যায়। পরে তারা সড়কে বসে বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীদের হাতে ‘সেভ ডেমোক্রেসি’সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল। তাদের মূল দাবি ছিল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগের তদন্ত।

পুলিশ মিছিল এগিয়ে যেতে না দেওয়ার পর রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং আরও কয়েকজন বিরোধী নেতাকে আটক করে। তাদের পুলিশ বাসে তোলা হয়। পরবর্তী সময়ে রাহুলসহ কয়েকজনকে নির্বাচন কমিশন কার্যালয়ের কাছাকাছি আকাশবাণী ভবন এলাকায় দেখা যায়।

এসআইআর নিয়ে বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। নির্বাচন কমিশন অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে এবং ভোটার তালিকা হালনাগাদ ও অযোগ্য বা ভুয়া নাম বাদ দেওয়ার জন্যই প্রক্রিয়াটি নেওয়া হয়েছে বলে জানিয়েছে।

এদিকে জ্ঞানেশ কুমারের কার্যক্রম ও এসআইআর নিয়ে একাধিক মামলা ভারতের সুপ্রিম কোর্টে বিচারাধীন। ৫ অক্টোবর প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ সংশ্লিষ্ট আবেদনের শুনানি করে। আদালত নির্বাচন কমিশনের কাছে নথি ও ব্যাখ্যা চেয়েছে। একই সঙ্গে জ্ঞানেশ কুমারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কোনো অন্তর্বর্তী নির্দেশ আপাতত দেওয়া হয়নি।

ফর্ম-৬ পরিবর্তন নিয়েও আদালতে প্রশ্ন উঠেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন, পরিবর্তিত ফর্ম-৬-এর কোনো সংস্করণ সুপ্রিম কোর্ট অনুমোদন করেনি এবং সংশ্লিষ্ট নথি পাওয়ার পর কে বা কারা পরিবর্তন করেছে, তা আদালত পরীক্ষা করবে।

বিক্ষোভকে কেন্দ্র করে মধ্য দিল্লিতে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়। সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের কার্যালয় পর্যন্ত বিভিন্ন এলাকায় পুলিশ, আধাসামরিক বাহিনী ও একাধিক স্তরের ব্যারিকেড মোতায়েন ছিল।

শেয়ার করুনঃ
Advertisement