৯৪ বছর বয়সে প্রয়াত রবীন্দ্রসংগীত শিল্পী বিভা সেনগুপ্ত
Published : ১৫:২১, ৬ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান রবীন্দ্রসংগীত শিল্পী বিভা সেনগুপ্ত আর নেই। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই শিল্পী।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সংগীতশিল্পী শ্রাবণী সেন বিভা সেনগুপ্তের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তার ভাষ্য অনুযায়ী, সাধারণ সময়ে বিভা সেনগুপ্ত বেশ সুস্থ ও কর্মক্ষম ছিলেন। তবে মাঝে মাঝে তাকে রক্ত দিতে হতো। হিমোগ্লোবিনের মাত্রা কম থাকার কারণেই এমনটি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়।
মৃত্যুর মাত্র কয়েক দিন আগেও নিজ বাড়িতে সম্মাননা পেয়েছিলেন বিভা সেনগুপ্ত। গত ২৯ সেপ্টেম্বর ‘লোকভারতী’র পক্ষ থেকে তার বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী অলক রায়চৌধুরী। তিনি জানান, সেদিনও বিভা সেনগুপ্তকে বেশ প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত মনে হয়েছিল। দীর্ঘ সময় তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে কথাও হয়েছিল।
দীর্ঘ সংগীতজীবনে অনেকটাই প্রচারবিমুখ ছিলেন বিভা সেনগুপ্ত। তবে জীবনের শেষ এক দশক বা তার কিছু বেশি সময়ে নতুন করে শ্রোতাদের কাছে পরিচিতি পান তিনি। জনপ্রিয়তা বাড়লেও তা নিয়ে খুব একটা আগ্রহী ছিলেন না এই শিল্পী। বরং গান শেখানো এবং নতুন প্রজন্মের শিক্ষার্থী তৈরি করাকেই বেশি গুরুত্ব দিয়েছেন।
রবীন্দ্রসংগীতের কিংবদন্তি শিল্পী দেবব্রত বিশ্বাসের প্রতিও বিভা সেনগুপ্তের ছিল গভীর শ্রদ্ধা। নিষ্ঠার সঙ্গে প্রতি বছর তার জন্মদিন পালন করতেন তিনি।
ত্রিপুরায় জন্ম নেওয়া বিভা সেনগুপ্ত ১৯৫৯ সালে স্থায়ীভাবে কলকাতায় বসবাস শুরু করেন। সংগীতচর্চায় তার প্রাথমিক শিক্ষা মায়া সেনের কাছে। পরবর্তী সময়ে একটি সংগীত শিক্ষাকেন্দ্রেও গান শেখাতেন তিনি।
রবীন্দ্রসংগীত চর্চা, শিক্ষাদান এবং সংগীতের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠার মধ্য দিয়ে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন বিভা সেনগুপ্ত। তার মৃত্যুতে শোক নেমে এসেছে সংগীতাঙ্গনে।
































