দিল্লিতে বিক্ষোভে পুলিশের বডিক্যাম, বাড়ানো হলো নিরাপত্তা

দিল্লিতে বিক্ষোভে পুলিশের বডিক্যাম, বাড়ানো হলো নিরাপত্তা ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৫:১৪, ৬ অক্টোবর ২০২৬

বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে অভিযোগের পর ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিরাপত্তা ব্যবস্থায় নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন অব ইন্ডিয়ার (ইসিআই) কার্যালয়ের সামনে বিরোধী দলগুলোর বিক্ষোভে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের শরীরে বডিক্যাম লাগানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ চলাকালে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে কী ঘটছে এবং তাদের কথোপকথন কীভাবে হচ্ছে, তা ভিডিওতে ধারণ করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে এসব ভিডিও সম্ভাব্য প্রমাণ হিসেবেও ব্যবহার করা যাবে।

এর আগে মধ্য দিল্লির যন্তর মন্তরে একটি বিক্ষোভ চলাকালে তিন নারী সাংবাদিক পুলিশের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। তাদের একজন অভিযোগ করেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত কর্মসূচিতে সহকারী পুলিশ কমিশনার (এসিপি) বিবেক ভগত তার সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিক্ষোভ ঘিরে নিরাপত্তা তদারকির সময় নয়াদিল্লি জেলার উপপুলিশ কমিশনার (ডিসিপি) শচীন শর্মাকেও বডিক্যাম পরা অবস্থায় দেখা যায়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দিল্লিতে একাধিক বিক্ষোভ হয়েছে। নাগরিক সংগঠন, শিক্ষার্থী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দল এসব কর্মসূচিতে অংশ নিয়েছে। আন্দোলনকারীরা প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছেন।

এদিকে নির্বাচন কমিশনের কার্যালয় ঘিরে মধ্য দিল্লিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। নির্বাচন সদনের দিকে যাওয়ার বিভিন্ন সড়কে একাধিক স্তরের ব্যারিকেড বসানো হয়েছে। দিল্লি পুলিশের পাশাপাশি আধাসামরিক বাহিনী ও র‌্যাপিড অ্যাকশন ফোর্সের সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

প্রয়োজনে বিক্ষোভকারীদের সরিয়ে নিতে কয়েকটি বাসও নির্বাচন ভবনের বাইরে রাখা হয়েছে। মকর দ্বার থেকে অশোক রোড, পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে হয়ে যন্তর মন্তর পর্যন্ত এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, বিক্ষোভের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। ওই এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞামূলক আদেশ কার্যকর রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement