তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর

তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১৫:৩৩, ৬ অক্টোবর ২০২৬

ভারতীয় নারী ক্রিকেট দলের তিন সংস্করণের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন হারমানপ্রীত কৌর। এশিয়া কাপ ও এশিয়ান গেমসে ভারতকে শিরোপা জেতানো এই অভিজ্ঞ ক্রিকেটার ৩৭ বছর বয়সে নেতৃত্বের দায়িত্ব ছাড়লেও জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন।

২০১২ সাল থেকে বিভিন্ন সময়ে ভারতীয় নারী দলকে নেতৃত্ব দিয়েছেন হারমানপ্রীত। ২০২২ সালে তিন ফরম্যাটেই পূর্ণাঙ্গ অধিনায়কের দায়িত্ব পান তিনি। প্রায় এক দশকের বেশি সময় ধরে নেতৃত্ব দেওয়ার পর এবার সেই অধ্যায়ের সমাপ্তি টানলেন এই তারকা অলরাউন্ডার।

সোমবার গোয়াহাটিতে ভারতীয় নারী দলের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা বৈঠক করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সভায় হারমানপ্রীতের সঙ্গে সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং প্রধান কোচ অমল মজুমদারও উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরেই হারমানপ্রীতের নেতৃত্ব নিয়ে আলোচনা চলছিল। বৈঠক শেষ হওয়ার পরই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় হারমানপ্রীত বলেন, অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া তার জন্য সহজ ছিল না। নেতৃত্বে থাকাকালে ব্যক্তিগত পারফরম্যান্স, উন্নতি ও ব্যক্তিগত লক্ষ্যকে অনেক সময় পাশে রেখে দলের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন বলেও জানান তিনি।

তার ভাষ্য অনুযায়ী, অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের সময় তাকে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। সেই সিদ্ধান্তগুলোর সবকিছু হয়তো সবাই একইভাবে দেখেননি বা বুঝতে পারেননি। তবে দলের উন্নতি ও ভবিষ্যৎ বিবেচনাতেই প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে গেলেও হারমানপ্রীত জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন। ফলে নেতৃত্বের অধ্যায় শেষ হলেও ভারতীয় ক্রিকেটে তার অভিজ্ঞতা ও অবদান সামনে আরও কাজে লাগবে।

শেয়ার করুনঃ
Advertisement