এপিএমএর নির্বাহী কমিটিতে মাইলসের হামিন আহমেদ

এপিএমএর নির্বাহী কমিটিতে মাইলসের হামিন আহমেদ ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৬:১৫, ২২ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক সংগীতাঙ্গনে নতুন স্বীকৃতি পেয়েছেন মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য হামিন আহমেদ। এশিয়া-প্যাসিফিক মিউজিক ক্রিয়েটরস অ্যালায়েন্সের (এপিএমএ) ১১ সদস্যের নির্বাহী কমিটিতে নির্বাচিত হয়েছেন তিনি। এই নির্বাচনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংগীতাঙ্গনের গুরুত্বপূর্ণ কার্যক্রমে বাংলাদেশের সংগীতস্রষ্টাদের অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি হয়েছে।

নিজের এই অর্জনকে বাংলাদেশের সংগীতাঙ্গনের জন্য আনন্দের বলে উল্লেখ করেছেন হামিন আহমেদ। তিনি বলেন, এ স্বীকৃতি বাংলাদেশের জন্যও প্রথম। এর ফলে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের সংগীতস্রষ্টারা যুক্ত হতে পারবেন। তথ্য বিনিময় ও আন্তর্জাতিক সহযোগিতা দেশের সংগীতাঙ্গনের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এপিএমএর নতুন নির্বাহী কমিটিতে বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, চীন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান ও ভারতের প্রতিনিধিরা রয়েছেন। আন্তর্জাতিক সংগীতস্রষ্টাদের সংগঠন সিআইএএম এবং মেধাস্বত্ব ব্যবস্থাপনার আন্তর্জাতিক সংস্থা সিস্যাকের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এই আঞ্চলিক জোট। ২০১৬ সালের নভেম্বরে বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ক্রিয়েটরস ফোরামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এপিএমএ।

আন্তর্জাতিক পর্যায়ে নতুন দায়িত্বের পাশাপাশি বাংলাদেশের সংগীতস্রষ্টাদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমেও যুক্ত রয়েছেন হামিন আহমেদ। বর্তমানে তিনি বাংলাদেশ লিরিসিস্টস, কম্পোজার্স অ্যান্ড পারফর্মারস সোসাইটির (বিএলসিপিএস) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাসে হামিন আহমেদের রয়েছে দীর্ঘ অবদান। ১৯৭৯ সালে ফরিদ রশিদের হাত ধরে ভাই শাফিন আহমেদকে সঙ্গে নিয়ে তিনি গড়ে তোলেন ব্যান্ড মাইলস। দুটি ইংরেজি অ্যালবাম প্রকাশের পর ১৯৯১ সালে আসে ব্যান্ডটির প্রথম বাংলা অ্যালবাম ‘প্রতিশ্রুতি’। নব্বইয়ের দশকে জনপ্রিয়তা পেতে শুরু করে দলটি।

‘চাঁদ তারা সূর্য’, ‘প্রথম প্রেমের মতো’, ‘গুঞ্জন শুনি’, ‘ফিরিয়ে দাও’, ‘ধিকি ধিকি’, ‘পাহাড়ি মেয়ে’, ‘নীলা’ ও ‘পিয়াসী মন’-এর মতো জনপ্রিয় গান দিয়ে শ্রোতাদের কাছে বিশেষ পরিচিতি পায় মাইলস। ২০১৫ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির সর্বশেষ অ্যালবাম ‘প্রতিচ্ছবি’।

শেয়ার করুনঃ
Advertisement