শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে অব্যাহতি শ্যামলী সূত্রধরের

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে অব্যাহতি শ্যামলী সূত্রধরের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:২৭, ২২ অক্টোবর ২০২৬

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্যসচিব মো. আবদুর রহিম রিপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ দলীয় দায়িত্বশীল মহলের নজরে এসেছে। এসব কর্মকাণ্ড জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্যামলী সূত্রধরকে মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতির বিষয়ে শ্যামলী সূত্রধর বলেন, ‘আমি সব সময় দলকে শ্রদ্ধা করি। দলের সিদ্ধান্তকে আমি মাথা পেতে নেব। তবে কী কারণে আমাকে অব্যাহতি দেওয়া হলো, তা আমি জানি না। আমার কোনো ভুল হলে দলের কাছে ক্ষমা চাইব।’

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেন, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement