আনোয়ারায় ২৮ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
Published : ১৬:৩৩, ২২ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের আনোয়ারা থানার তৈলারদ্বীপ এলাকা থেকে ২৮ হাজার ৫৩০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮৫ লাখ ৬০ হাজার টাকা। মঙ্গলবার (২০ অক্টোবর) তাঁদের আটক করা হলেও বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সংস্থাটি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাকিব (১৯) ও জাহিদুল ইসলাম (২০)।
এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার চালান সম্পর্কে তথ্য পেয়ে আনোয়ারা থানার তৈলারদ্বীপসংলগ্ন সরকারহাট গরুর বাজার এলাকায় মেসার্স পেতান শাহ স্টোর অ্যান্ড সাপ্লায়ার্স নামের দোকানের সামনে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি শুরু করেন এসআরবির সদস্যরা।
একপর্যায়ে সবুজ রঙের নম্বরপ্লেটবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা চেকপোস্টে পৌঁছালে চালক সাকিব ও পেছনের যাত্রী জাহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাঁরা অটোরিকশার চালকের আসনের নিচে ইয়াবা ট্যাবলেট লুকিয়ে রাখার কথা স্বীকার করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পরে ইয়াবার চালানটি উদ্ধার করা হয় এবং অটোরিকশাটি জব্দ করা হয়।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, উদ্ধার করা মাদকসহ দুজনকে আটক করে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।































