ইউক্রেন যুদ্ধের অবসান আগের চেয়ে কাছাকাছি: ট্রাম্প
Published : ১৬:৫৪, ২২ অক্টোবর ২০২৬
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর ইউক্রেন যুদ্ধের অবসান আগের যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আটক এক মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ায় পুতিনকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, কয়েক দিন আগে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে পুতিনের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁর ধারণা, দুই পক্ষ সমাধানের আরও কাছাকাছি পৌঁছেছে। এমনকি এখনই যুদ্ধের অবসানের সম্ভাবনা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি বলে মনে করছেন তিনি।
ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে এর আগেও একই ধরনের আশাবাদী মন্তব্য করেছেন ট্রাম্প। তবে একাধিক দফায় আলোচনা এবং গত বছর আলাস্কায় পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক সত্ত্বেও যুদ্ধ বন্ধ করা সম্ভব হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, মস্কো এখনো তার সর্বোচ্চ দাবিগুলো থেকে সরে আসেনি। ফলে ট্রাম্পের সাম্প্রতিক আশাবাদী বক্তব্যের পরও ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে চূড়ান্ত সমাধান আসবে কি না, তা অনিশ্চিত রয়েছে।

































