চিকিৎসা খাতের দুর্নীতি নিয়ে সানির নতুন সিনেমা, মুক্তি ২০ নভেম্বর
Published : ১৬:৪০, ২০ অক্টোবর ২০২৬
ভারতের চিকিৎসা খাতের দুর্নীতি ও এক বাবার লড়াইয়ের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করেছেন পরিচালক এম পদ্মকুমার। ‘সুরইয়া: অন্ত সে আরম্ভ তক’ নামের সিনেমাটি আগামী ২০ নভেম্বর ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল ও রবি কিষাণ। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি প্রকাশ করা হয়েছে সিনেমাটির টিজার। ১৯ অক্টোবর জি মিউজিক কোম্পানির ইউটিউব চ্যানেলে এটি প্রকাশের পর ২৪ ঘণ্টা না পেরোতেই প্রায় ৬০ লাখ দর্শক টিজারটি দেখেছেন।
টিজারের শুরুতে সানি দেওলকে বলতে শোনা যায়, ‘একটি মানুষ ডাক্তারকে সৃষ্টিকর্তা মানেন। তার হাতের ওপর বিশ্বাস রেখে নিজের জীবন সঁপে দেন। সেই ডাক্তার যদি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, তবে সে কী করবে?’ এরপর একটি অনুষ্ঠানে সানির মেয়েকে নাচতে দেখা যায়। একপর্যায়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে সে। মেয়েকে ঘিরেই শুরু হয় সানির লড়াই।
‘সুরইয়া’ ২০১৮ সালে মুক্তি পাওয়া প্রশংসিত মালয়ালম ক্রাইম থ্রিলার ‘জোসেফ’-এর হিন্দি রিমেক। সিনেমাটিতে সানি দেওল অভিনয় করেছেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। মেয়ের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের পাশাপাশি চিকিৎসা খাতের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে তাকে। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, সিনেমাটির গল্প সত্য ঘটনা অবলম্বনে তৈরি।
‘সুরইয়া’ এ বছর মুক্তি পাওয়া সানি দেওলের চতুর্থ সিনেমা। এর আগে বছরের শুরুতে মুক্তি পেয়েছে ‘বর্ডার-২’, ‘বাটোয়ারা ১৯৪৭’ ও ‘ইক্কা’। এসব সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের সামনে নিজের অভিনয় তুলে ধরেছেন এই অভিনেতা।


































