হেফাজতের নেতৃত্বে সাত দলের নতুন ইসলামী জোট

হেফাজতের নেতৃত্বে সাত দলের নতুন ইসলামী জোট ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৪১, ২২ অক্টোবর ২০২৬

হেফাজতে ইসলামের নেতৃত্বে ‘সমমনা ইসলামী দল’ নামে নতুন একটি রাজনৈতিক জোট গঠন করেছে সাতটি ইসলামী দল। অন্য জোটে থাকা দলগুলো সেখান থেকে বেরিয়ে এসে নতুন এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার ব্যাপারে একমত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ের মাখযানুল উলূম মাদ্রাসায় সাতটি ইসলামী দলের বৈঠক শেষে এ তথ্য জানান হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান।

সাজিদুর রহমান বলেন, ‘সমমনা ইসলামী দল’ প্ল্যাটফর্মে সাতটি দল একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছে। এর মধ্যে যেসব দল অন্য জোটে রয়েছে, তারাও সেই জোট ছেড়ে নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মে আসতে সম্মত হয়েছে। আগামী ৫ ডিসেম্বর সাত দলের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সমমনা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে ভূমিকা রাখছে হেফাজতে ইসলাম। তবে সংগঠনটির নিজস্ব নির্দলীয় ভূমিকা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নতুন এই জোটে থাকা সাতটি দল হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

শেয়ার করুনঃ
Advertisement