জন্মদিনে শাহরুখের উপহার, প্রকাশ পেল ‘কিং’-এর প্রথম গান
Published : ১২:২৫, ২ নভেম্বর ২০২৬
বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬১তম জন্মদিন আজ ২ নভেম্বর। বিশেষ এই দিনে ভক্তদের জন্য চমক নিয়ে এসেছে তার বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘কিং’। সিনেমাটির প্রথম গান ‘তু মিল জায়ে’ মধ্যরাতে প্রকাশ পেয়েছে। গানটি ইতোমধ্যে শ্রোতা-দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।
গত বছর শাহরুখের ৬০তম জন্মদিনে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছিলেন নির্মাতারা। এবার ভক্তদের প্রত্যাশা ছিল টিজার কিংবা ট্রেলারের। তবে সেসবের বদলে একটি মিউজিক ভিডিও প্রকাশ করে চমক দিয়েছে নির্মাতা দল। এতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের পরিচিত রোমান্টিক রসায়ন আবারও উঠে এসেছে পর্দায়।
প্রকাশিত গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচি। পাশাপাশি এতে যুক্ত হয়েছে বিশ্বখ্যাত পপ তারকা এড শিরানের র্যাপ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এর ঝলক হিসেবে গানটির শুরুতে শোনা যায় শাহরুখের আইকনিক সংলাপ— ‘মেঁ কাতিল নেহি, আশিক হুঁ, অউর নিশানা মেরি মাশুকা, অউর ও আশিক হি ক্যা জো দিল চির না দে।’
গানের শুরুতে মনোরম লোকেশনে শাহরুখ ও দীপিকার প্রেমের দৃশ্য দেখা যায়। চেনা চার্ম ও স্টাইলিশ ছোট কালো চুলে হাজির হয়েছেন শাহরুখ। অন্যদিকে দীপিকাও বরাবরের মতো নিজের সৌন্দর্যে নজর কেড়েছেন। তবে ভিডিওটি কেবল রোমান্টিক মুহূর্তে সীমাবদ্ধ নয়; এতে রয়েছে উত্তেজনা ও সহিংসতার ইঙ্গিত। আন্ডারওয়ার্ল্ড ও চোরাচালানের সঙ্গে যুক্ত শাহরুখের চরিত্রটির অন্ধকার দিকও ফুটে উঠেছে।
একপর্যায়ে রোমান্টিক আবহ বদলে যায় রক্তক্ষয়ী অ্যাকশন দৃশ্যে। সল্ট-অ্যান্ড-পেপার লুকে শাহরুখ, শরীরে রক্তের দাগ এবং আগুনের পটভূমিতে তার নির্মম লড়াইয়ের দৃশ্যগুলো ভিডিওতে আলাদা মাত্রা যোগ করেছে।
শচীন-জিগরের সুরে সাজানো ‘কিং’ প্রযোজনা করেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। শাহরুখ ও দীপিকা ছাড়াও এতে অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং জয়দীপ আহলাওয়াত।
৩৪ বছর আগে ‘কোই না কোই চাহিয়ে, পেয়ার কারনে ওয়ালা…’ গানটি দিয়ে পর্দায় এসেছিলেন এক তরুণ। বয়সের চঞ্চলতা, এলোমেলো চুল আর চোখভরা স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল তার যাত্রা। তিন দশকেরও বেশি সময় পেরিয়ে সেই তরুণই আজ বলিউড বাদশাহ। ভারতের গণ্ডি ছাড়িয়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান। ৬১তম জন্মদিনে এসেও তার রোমান্টিকতা ও জীবনবোধ সিনেমাজগতের নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে রয়েছে।
সূত্র: এনডিটিভি মুভি


































