পাঁচ বছরে ২ কোটি মানুষকে চক্ষুসেবার আওতায় আনার পরিকল্পনা
Published : ১৩:১৩, ৮ অক্টোবর ২০২৬
আগামী পাঁচ বছরে দেশের অন্তত ২ কোটি মানুষের কাছে চক্ষুসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সময়ে ১০ লাখ মানুষকে ছানি অপারেশনের সুবিধা দেওয়ার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর সিরডাপে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব তথ্য জানান। আইএনজিও ফোরাম ও এনআইওঅ্যান্ডএইচ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চশমার অভাবে যাতে শিশুদের পড়াশোনা এবং কর্মক্ষম মানুষের স্বাভাবিক কাজ ব্যাহত না হয়, সে জন্য আগামী পাঁচ বছরে অন্তত ১ কোটি শিশু ও কর্মক্ষম মানুষের জন্য চশমার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, ছানিজনিত অন্ধত্ব কমাতে একই সময়ে অন্তত ১০ লাখ মানুষকে ছানি অস্ত্রোপচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
চক্ষুসেবার মান বাড়াতে দেশের প্রায় ৮০ শতাংশ চক্ষু চিকিৎসককে ছানি অপারেশনসহ বিভিন্ন উন্নত চিকিৎসা ও প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
দীর্ঘমেয়াদে দেশের চক্ষুসেবা ব্যবস্থাকে টেকসই করতে একটি কৌশলগত রূপরেখা এবং স্বাস্থ্যসেবা অর্থায়ন পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
তিনি বলেন, সরকারের পরিকল্পনার লক্ষ্য শুধু রোগীদের চিকিৎসা দেওয়া নয়। দৃষ্টিজনিত সমস্যার কারণে কোনো মানুষ যাতে শিক্ষা, কর্মসংস্থান ও স্বাভাবিক জীবনযাপনে পিছিয়ে না পড়েন, সেটিও নিশ্চিত করতে চায় সরকার।


































