স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো যৌথ স্পেশাল ফোর্সের মহড়া, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী

স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো যৌথ স্পেশাল ফোর্সের মহড়া, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৩৯, ২৫ নভেম্বর ২০২৬

নোয়াখালীর স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত হয়েছে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১/২০২৬’। আজ বুধবার (২৫ নভেম্বর) আয়োজিত এ মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মহড়ার মাধ্যমে সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা, পেশাদারিত্ব, আন্তঃবাহিনী সমন্বয় এবং সমন্বিত যুদ্ধপ্রস্তুতি তুলে ধরা হয়।

এতে সেনাবাহিনীর আধুনিক স্থল অভিযান ও স্পেশাল ফোর্সের বিশেষায়িত অপারেশনাল সক্ষমতা, নৌবাহিনীর উভচর অবতরণ ও সমুদ্র অভিযান এবং বিমানবাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে নির্ভুল আক্রমণ পরিচালনার দক্ষতা প্রদর্শিত হয়। পাশাপাশি তিন বাহিনীর সমন্বিত অভিযান, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, পারস্পরিক সহযোগিতা এবং বহুমাত্রিক নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলার সক্ষমতাও তুলে ধরা হয়।

মহড়ায় তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা দুঃসাহসিক কৌশল, নিখুঁত সমন্বয়, গোপনীয়তা বজায় রেখে লক্ষ্যবস্তুতে আঘাত হানা এবং জটিল পরিস্থিতিতে অভিযান পরিচালনার দক্ষতা প্রদর্শন করেন।

একই দিনে সেনাবাহিনীর দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ ছাড়া ইউএভি ও ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন এবং লক্ষ্যবস্তু ধ্বংসের মহড়াও পরিচালনা করা হয়।

মহড়া শেষে প্রধানমন্ত্রী অংশগ্রহণকারী তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যদের দক্ষতা, পেশাদারিত্ব ও সমন্বিত কার্যক্রমের প্রশংসা করেন। আধুনিক যুদ্ধের পরিবর্তিত ধরন এবং ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রস্তুতি ও সক্ষমতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

এ ধরনের যৌথ মহড়া তিন বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও দেশপ্রেমের প্রশংসা করে বাহিনীগুলোর আধুনিকায়ন, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং সদস্যদের কল্যাণে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, জনবসতিপূর্ণ এলাকায় সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে বাংলাদেশ সেনাবাহিনী ২০১৩ সাল থেকে প্রতিবছর স্বর্ণদ্বীপে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন ও সামাজিক বনায়ন কর্মসূচি বাস্তবায়নেও দ্বীপটিতে সেনাবাহিনী ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement