১৭ হাজার টাকার মজুরিতে শ্রমিক মজলিসের হতাশা

১৭ হাজার টাকার মজুরিতে শ্রমিক মজলিসের হতাশা ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৩৫, ২৫ নভেম্বর ২০২৬

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন গ্রেডে ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের সিদ্ধান্তে গভীর হতাশা ও উদ্বেগ জানিয়েছে শ্রমিক মজলিস। তবে দেশের বৃহত্তর অর্থনীতি ও শিল্পের স্বার্থে আন্দোলনরত শ্রমিকদের শান্ত থেকে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন বিপ্লবী শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কামরুজ্জামান ফিরোজ এবং সদস্য সচিব হাফিজুল ইসলাম ও রাশেদুল ইসলাম বাবু।

আজ এক যৌথ বিবৃতিতে নেতারা জানান, নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় সর্বসম্মতিক্রমে সর্বোচ্চ গ্রেড বা গ্রেড-১-এর মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এর মজুরি ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এর মজুরি ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কোনো গ্রেডের শ্রমিকের বিদ্যমান মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে অন্তত ৩ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সবচেয়ে বেশি সংখ্যক শ্রমিক যে সর্বনিম্ন গ্রেডে (গ্রেড-৪) কাজ করেন, সেখানে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা জীবনযাত্রার ব্যয় বিবেচনায় ১৮ হাজার টাকা মজুরি দাবি করেছিলেন। কিন্তু ভোটাভুটিতে মালিকপক্ষের দুই প্রতিনিধি এবং নিরপেক্ষ ও সরকারি পক্ষের দুই প্রতিনিধিসহ চার ভোটের বিপরীতে শ্রমিকপক্ষের দুই ভোট পড়ে। সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তে গ্রেড-৪-এর মজুরি নির্ধারণ করা হয় ১৭ হাজার টাকা।

বিবৃতিতে বলা হয়, বর্তমান ১২ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ মজুরি বাড়ানো হলেও তা বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শ্রমিকদের দাবির তুলনায় মাত্র ১ হাজার টাকা বাড়িয়ে ১৮ হাজার টাকা নির্ধারণ করা হলে মালিকপক্ষের বড় ধরনের ক্ষতি হতো না; বরং শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরত বলে মন্তব্য করেন নেতারা।

মজুরি বৈষম্যের প্রসঙ্গ তুলে তাঁরা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। তাঁদের দাবি, সর্বনিম্ন স্তরের একজন সরকারি কর্মচারীর বেতনও প্রায় ৩৬ হাজার টাকা। অথচ গার্মেন্টস শ্রমিক ও সরকারি কর্মচারী একই বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনেন এবং একই সমাজে বসবাস করেন। এমন পরিস্থিতিতে ১৭ হাজার টাকা বেতনে চার সদস্যের পরিবার নিয়ে একজন শ্রমিকের জীবনযাপন অত্যন্ত কঠিন।

নেতাদের অভিযোগ, শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান না নিয়ে নিরপেক্ষ ও সরকারি প্রতিনিধিরা মালিকপক্ষের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। এতে শ্রমিক সমাজ ব্যথিত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

দেশের রপ্তানি খাত ও শিল্পাঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক আন্দোলনসহ সব গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশন এবং আন্দোলনরত শ্রমিকদের ধৈর্য ধরে শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন নেতারা।

একই সঙ্গে মজুরি নির্ধারণকে কেন্দ্র করে বারবার অস্থিরতা সৃষ্টির জন্য দায়ী আমলাতান্ত্রিক ব্যবস্থা, দালাল ও লুটেরা পুঁজির মালিকদের বিরুদ্ধে পরিবর্তনের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা। বর্তমান সংকট নিরসনে বাজারদর ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজ্ঞানসম্মত ও স্থায়ী মজুরি কাঠামো গঠনের দাবিও জানান।

বিবৃতিতে শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন, কারখানার অর্জিত লভ্যাংশ বা মুনাফায় শ্রমিকদের ন্যায্য অংশ নিশ্চিত করা এবং শ্রমিকদের নিয়োগপত্র দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি ট্রেড ইউনিয়নের অধিকার প্রতিষ্ঠা, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, নিরাপদ আবাসন, রেশনিং ব্যবস্থা চালু ও চিকিৎসাসেবা নিশ্চিত করার মাধ্যমে মালিক-শ্রমিকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের আহ্বান জানান নেতারা।

শেয়ার করুনঃ
Advertisement