জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত খলিলুর রহমানকে হিউম্যান রাইটস এলাইভের অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত খলিলুর রহমানকে হিউম্যান রাইটস এলাইভের অভিনন্দন

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৪৫, ২ জুন ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে হিউম্যান রাইটস এলাইভ। সংগঠনটি এ ঘটনাকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছে।

মঙ্গলবার (২ জুন) এক বিবৃতিতে হিউম্যান রাইটস এলাইভ জানায়, নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ১৯০ ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে খলিলুর রহমান বিজয়ী হয়েছেন। সংগঠনটির মতে, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের গ্রহণযোগ্যতা, কূটনৈতিক দক্ষতা এবং নেতৃত্বের সক্ষমতার স্বীকৃতি।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের মতো বৈশ্বিক ফোরামের নেতৃত্বে একজন বাংলাদেশির নির্বাচিত হওয়া পুরো জাতির জন্য গৌরবের বিষয়। সংগঠনটি আশা প্রকাশ করে, তার নেতৃত্বে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন শক্তিশালীকরণ, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে জাতিসংঘ আরও কার্যকর ভূমিকা পালন করবে।

হিউম্যান রাইটস এলাইভ আরও উল্লেখ করে, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও মানবিক মর্যাদা রক্ষার ক্ষেত্রেও নতুন সভাপতি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। একইসঙ্গে তিনি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি আরও ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বিশ্ব গঠনে কার্যকর নেতৃত্ব দেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বিবৃতির শেষে নবনির্বাচিত সভাপতি খলিলুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সফলতা কামনা করা হয়।

শেয়ার করুনঃ
Advertisement