জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত জাতিসংঘ সদর দপ্তরে মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারির সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:১৩, ১৭ মে ২০২৬

গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, টেকসই উন্নয়ন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

একই সঙ্গে তিনি জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নবনির্বাচিত সরকারের অগ্রাধিকারসমূহ তুলে ধরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারির সঙ্গে বৈঠককালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকে তিনি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার বিষয়ে সরকারের অগ্রাধিকার তুলে ধরেন।

এ সময় নিম্নআয়ের জনগোষ্ঠী ও কৃষকদের আর্থ-সামাজিক ঝুঁকি মোকাবিলায় সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’-এর মতো সামাজিক সুরক্ষা কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে শামা ওবায়েদ ইসলাম বলেন, বর্তমানে জাতিসংঘ আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হলেও শান্তিরক্ষা কার্যক্রম অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।

তিনি সংঘাত-পরবর্তী শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা কার্যক্রমে নারী ও তরুণদের আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র কার্যকর দীর্ঘমেয়াদি সমাধান। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা ও সম্পৃক্ততা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, বৈঠকে খালেদ খিয়ারি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন তিনি।

শেয়ার করুনঃ
Advertisement