প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
Published : ০৩:১০, ২৯ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় মোদি বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়, যা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি উল্লেখ করেন, ভারতের বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে দেশটির কোটি কোটি মুসলমান আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে এ উৎসব উদযাপন করছেন।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পারস্পরিক আস্থা, সাংস্কৃতিক বন্ধন এবং শান্তি ও উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে উঠেছে। তিনি দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতামূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারণে নয়াদিল্লির আগ্রহের কথাও তুলে ধরেন।
নরেন্দ্র মোদি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ভারতের যৌথ উন্নয়ন ভাবনা ভবিষ্যতে দুই দেশের জনগণের সমৃদ্ধি ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
বার্তার শেষাংশে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন এবং বাংলাদেশের জনগণের শান্তি, উন্নয়ন ও অব্যাহত সমৃদ্ধি প্রত্যাশা করেন।


































