বুরুন্ডিতে সামরিক ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ৭০
Published : ১১:৩৯, ২ এপ্রিল ২০২৬
বুরুন্ডির একটি সামরিক ঘাঁটির গোলাবারুদের ডিপোতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫৭ জন, যার মধ্যে তিনজন সেনা রয়েছেন।
বুধবার (১ এপ্রিল) দেশটির অর্থনৈতিক রাজধানী বুজুম্বুরায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
মুসাগা এলাকায় অবস্থিত বুরুন্ডির ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান গোলাবারুদের ডিপোতে মঙ্গলবার ঘটে এই বিস্ফোরণ। জানা গেছে, নিহতদের সবাই বেসামরিক ব্যক্তি।
কর্তৃপক্ষের বরাতে জানা যায়, দুর্ঘটনার কারণ ছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট। বিস্ফোরণে ডিপোর পাশাপাশি আশপাশের কয়েকটি বাড়িঘর এবং যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিস্ফোরণে বহু সামরিক সরঞ্জামও পুড়ে গেছে।
পানি সংকটের কারণে আগুন নেভাতে ফায়ার ফাইটাররা বড় ধরনের সমস্যার সম্মুখীন হন, ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লেগেছে। এই দুর্ঘটনা বুরুন্ডির নিরাপত্তা ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
বিডি/এএন


































