পেরুতে স্টেডিয়ামজুড়ে রহস্য, নিহত ১, আহত ৪৭

পেরুতে স্টেডিয়ামজুড়ে রহস্য, নিহত ১, আহত ৪৭ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১৮, ৪ এপ্রিল ২০২৬

পেরুর রাজধানী লিমায় আলেহান্দ্রো ভিয়ানুয়েভা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফুটবল ডার্বিকে ঘিরে ম্যাচ-পূর্ব সমাবেশে এক রহস্যজনক ঘটনার সূত্রপাত হয়। এতে অন্তত ৪৭ জন আহত হন এবং একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পেরুর স্বাস্থ্যমন্ত্রী হুয়ান কার্লোস ভেলাস্কো।

তিনি জানান, স্টেডিয়ামের ভেতরে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, যার ফলে এতসংখ্যক মানুষ আহত হয়েছেন এবং একজন প্রাণ হারিয়েছেন। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেননি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, স্টেডিয়ামের কোনো অংশ ধসে পড়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। কিন্তু সেই ধারণা নাকচ করে দিয়েছে আলিয়ানজা লিমা ক্লাব কর্তৃপক্ষ। তাদের দাবি, স্টেডিয়ামের কোনো অংশই ধসে পড়েনি।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষও একই ধরনের বক্তব্য দিয়েছে। সংস্থাটির প্রধান মার্কোস পাজুয়েলো বলেন, দক্ষিণ দিকের গ্যালারির কাঠামো সম্পূর্ণ ঠিক ছিল এবং কোথাও কোনো দেয়াল বা অংশ ভেঙে পড়ার ঘটনা ঘটেনি।

এদিকে পেরুভিয়ান ফুটবল লিগ জানিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শনিবার রাতে আলিয়ানজা লিমা ও ইউনিভার্সিতারিও দে দেপোর্তেসের মধ্যকার ম্যাচ যথারীতি অনুষ্ঠিত হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement