যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে হামলা অব্যাহত

যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে হামলা অব্যাহত ইরানের বিশ্ববিদ্যালয়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:২৮, ৮ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হলেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে হামলার ঘটনা থামেনি। বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (৮ এপ্রিল) সকালেও ইসরায়েল ইরানের ওপর অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে বলে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে।
বার্তাসংস্থা এএফপি জানায়, হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে বাস্তবে ইরানের বিভিন্ন স্থানে হামলার ঘটনা এখনও ঘটছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির কথা জানালেও ইসরায়েলের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো ঘোষণা দেওয়া হয়নি।
বিবিসির সাংবাদিকদের মতে, জেরুজালেমেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দারা একাধিক বিস্ফোরণের কথা জানিয়েছেন এবং শহরে সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে বাহরাইনে সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করছে। একইভাবে সংযুক্ত আরব আমিরাতও জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন তারা প্রতিরোধ করেছে। সৌদি আরবেও কয়েক ঘণ্টা ধরে হামলার সতর্কতা জারি করা হয়েছে।
এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দেয়, তবে যুদ্ধবিরতি কার্যকর হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, যুক্তরাষ্ট্রের শর্ত মেনে ইরান হরমুজ প্রণালি খুলে দিতে রাজি হয়েছে এবং দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে আলোচনা চলছে।

শেয়ার করুনঃ
Advertisement