যুদ্ধবিরতির ঘোষণায় উল্লাসে রাস্তায় ইরানিরা
Published : ১৪:০৮, ৮ এপ্রিল ২০২৬
দীর্ঘ উদ্বেগ ও উত্তেজনার পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরান শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে যখন ইরান আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণ নিরাপদ ও উন্মুক্ত রাখবে।
এই ঘোষণা আসার পর তেহরানের বিভিন্ন এলাকায় মানুষকে রাস্তায় নেমে আনন্দ উদযাপন করতে দেখা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে স্থানীয় সময় অনুযায়ী রাজধানীর বিভিন্ন সড়কে জড়ো হয়ে যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইরানিরা।
প্রকাশিত ছবিতে দেখা গেছে, অনেকেই ইরানের জাতীয় পতাকা ও দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি হাতে নিয়ে উল্লাস করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতার ভূমিকা পালন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের শর্ত মেনে ইরান হরমুজ প্রণালি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য খুলে দিতে রাজি হয়েছে এবং যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর হবে।
শাহবাজ শরিফ আরও বলেন, ইরান, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা লেবাননসহ বিভিন্ন অঞ্চলে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
তবে যুদ্ধবিরতি ঘোষণার পরও কিছু এলাকায় বিচ্ছিন্ন হামলার খবর পাওয়া যাচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
এদিকে বিরোধের স্থায়ী সমাধানের লক্ষ্যে পাকিস্তান আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে একটি বৈঠকের আহ্বান জানিয়েছে। সেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
সাম্প্রতিক যুদ্ধবিরতির খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দামও কমতে শুরু করেছে বলে জানা গেছে।


































