ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়: নেতানিয়াহু

ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়: নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:২৪, ৮ এপ্রিল ২০২৬

ইরানের ওপর হামলা স্থগিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
বুধবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই অবস্থান জানানো হয়।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ঘোষণা করেছিলেন, যুক্তরাষ্ট্র, ইরান ও তাদের মিত্ররা লেবাননসহ বিভিন্ন অঞ্চলে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে নেতানিয়াহুর এই নতুন বক্তব্য মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বিবৃতিতে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ লক্ষ্য হলো ইরান যেন আমেরিকা, ইসরায়েল এবং তাদের আরব প্রতিবেশীদের জন্য কোনো পারমাণবিক, ক্ষেপণাস্ত্র বা সন্ত্রাসী হুমকি সৃষ্টি করতে না পারে। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রচেষ্টাকে ইসরায়েল পূর্ণ সমর্থন করে।
তিনি আরও বলেন, পাকিস্তানের রাজধানীইসলামাবাদে  শুক্রবার অনুষ্ঠিতব্য আলোচনায় এই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে ইসরায়েলকে আশ্বস্ত করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাময়িক যুদ্ধবিরতি শুধুমাত্র দুই দেশের পারস্পরিক সংঘাতের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এবং লেবাননে চলমান ইসরায়েলি সামরিক অভিযানে এর কোনো প্রভাব পড়বে না।
নেতানিয়াহুর এই অবস্থান পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘোষণার সঙ্গে সাংঘর্ষিক। বিশ্লেষকদের মতে, এর ফলে লেবাননে  হিজবুল্লাহর  বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, লেবাননে চলমান সংঘাতের কারণে ইতোমধ্যে প্রায় ৮ লাখ ১৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি ট্যাঙ্ক হামলায় একজন লেবানিজ ধর্মযাজকের নিহত হওয়ার ঘটনাও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে ইরানের ১০ দফা শান্তি প্রস্তাব এবং যুক্তরাষ্ট্রের নমনীয় অবস্থান সংঘাত কমানোর আশা তৈরি করছে, অন্যদিকে লেবাননকে যুদ্ধবিরতির বাইরে রাখার ইসরায়েলের ঘোষণা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।
সূত্র: আল জাজিরা। 

শেয়ার করুনঃ
Advertisement