ইরান যুদ্ধ চায় না, তবে অধিকার রক্ষায় অটল থাকবে: মোজতবা খামেনি

ইরান যুদ্ধ চায় না, তবে অধিকার রক্ষায় অটল থাকবে: মোজতবা খামেনি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৪৬, ১০ এপ্রিল ২০২৬

তেহরান — ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ চায় না ইরান। তবে দেশের ন্যায্য অধিকার রক্ষায় তারা দৃঢ় অবস্থানে থাকবে। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বার্তায় তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনেই তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার কয়েক সপ্তাহ পর দেওয়া ওই বার্তায় মোজতবা খামেনি বলেন, “আমরা যুদ্ধ চাইনি এবং এখনও চাই না।”
তিনি আরও বলেন, “তবে কোনো অবস্থাতেই আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে সরে দাঁড়াব না। এই বিষয়ে আমরা পুরো ‘প্রতিরোধ জোটকে’ একসঙ্গে বিবেচনা করি।” বিশ্লেষকদের মতে, তার এই মন্তব্য লেবাননের দিকে ইঙ্গিত করে, যেখানে ইরানের মিত্র হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের সংঘাত চলছে।
এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান। এই যুদ্ধবিরতির ফলে ভবিষ্যতে শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর হুমকি দিয়েছিলেন।
মোজতবা খামেনি তার বার্তায় বলেন, যুদ্ধবিরতি থাকলেও জনগণের আন্দোলন বন্ধ হওয়া উচিত নয়।
তিনি বলেন, “জনগণের রাস্তায় নামা এখনও গুরুত্বপূর্ণ। জনসমাবেশে আপনাদের কণ্ঠস্বর ভবিষ্যৎ আলোচনার ফলাফলে প্রভাব ফেলতে পারে।”
উল্লেখ্য, বাবার ওপর হামলার ঘটনায় মোজতবা খামেনিও আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নেতৃত্ব গ্রহণের পর থেকে তিনি এখনো প্রকাশ্যে আসেননি। তার সব বার্তাই এখন পর্যন্ত লিখিত আকারে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হচ্ছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, মোজতবা খামেনি হয়তো মারা গেছেন। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার কিছু ছবিও প্রকাশ করা হয়েছে, যদিও সেগুলো কবে তোলা হয়েছে তা উল্লেখ করা হয়নি।

শেয়ার করুনঃ
Advertisement