লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে সরাসরি সংঘাতে জড়ানোর হুঁশিয়ারি ইরানের
Published : ০০:২১, ৮ জুন ২০২৬
লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতে চলমান ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে সরাসরি সামরিক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকলে তেহরান শুধু কূটনৈতিক আলোচনা স্থগিত করবে না, বরং সরাসরি সংঘাতে জড়াতেও প্রস্তুত থাকবে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গালিবাফ বলেন, ইরান প্রয়োজন হলে আলোচনার পথ থেকে সরে এসে শত্রুপক্ষের সঙ্গে সরাসরি মোকাবিলায় নামবে।
তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করে অভিযোগ করেন, দুই দেশই যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধানের প্রতি আন্তরিক নয়। লেবানন-সংক্রান্ত চুক্তি লঙ্ঘন এবং সমুদ্র অবরোধের মাধ্যমে তারা আবারও শক্তিনির্ভর নীতি অনুসরণ করছে বলেও দাবি করেন তিনি।
গালিবাফ বলেন, লেবানন পরিস্থিতিতে ধারাবাহিক চুক্তি লঙ্ঘন প্রমাণ করে যে সংশ্লিষ্ট পক্ষগুলো সংলাপের চেয়ে শক্তি প্রয়োগকেই বেশি গুরুত্ব দিচ্ছে।
ইরানের এই শীর্ষ কর্মকর্তা আরও দাবি করেন, ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি স্বার্থকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনা ও সম্পদকে সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত করছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী গালিবাফের এই মন্তব্যকে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, লেবানন পরিস্থিতির আরও অবনতি হলে কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি সামরিক উত্তেজনাও নতুন মাত্রা পেতে পারে।
































