ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় ধনকুবের রবিন খুদা। ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেক্স

Published : ১৪:৩৮, ৭ জুন ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড কম্পিউটিংয়ের দ্রুত সম্প্রসারণকে কেন্দ্র করে ভারতের ডেটা সেন্টার খাতে ২০৩০ সালের মধ্যে ৩ ট্রিলিয়ন রুপি (প্রায় ৩০ বিলিয়ন ডলার) বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে এয়ারট্রাঙ্ক। বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান উদ্যোক্তা রবিন খুদা প্রতিষ্ঠিত এবং ব্ল্যাকস্টোন সমর্থিত প্রতিষ্ঠানটি সম্প্রতি এই বৃহৎ বিনিয়োগ পরিকল্পনার কথা জানিয়েছে।

বিনিয়োগ ঘোষণার আগে রবিন খুদা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরবর্তীতে প্রকাশিত এক বিবৃতিতে এয়ারট্রাঙ্ক জানায়, তারা ভারতজুড়ে প্রায় পাঁচ গিগাওয়াট ডেটা সেন্টার সক্ষমতা গড়ে তুলতে চায়।

প্রধানমন্ত্রী মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের বিনিয়োগ ভারতকে ক্লাউড কম্পিউটিং ও এআইয়ের বৈশ্বিক কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। একই সঙ্গে এটি কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা এবং উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সহায়তা করবে।

এয়ারট্রাঙ্কের সবচেয়ে বড় প্রকল্পটি বাস্তবায়িত হবে মহারাষ্ট্রে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, প্রায় ২ ট্রিলিয়ন রুপি ব্যয়ে তিন গিগাওয়াট সক্ষমতার একটি ডেটা সেন্টার হাব নির্মাণ করা হবে। মুম্বাইয়ের নিকটবর্তী রায়গড়ে প্রকল্পটির জন্য জমি অধিগ্রহণের উদ্দেশ্যে কোম্পানিটি ইতোমধ্যে লেটার অব ইনটেন্টে স্বাক্ষর করেছে।

ফোর্বস এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এয়ারট্রাঙ্কের প্রধান নির্বাহী রবিন খুদা বলেন, ভারতের বিশাল জনসংখ্যা, দ্রুত ডিজিটাল রূপান্তর এবং এআই খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা দেশটিকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় বাজারে পরিণত করেছে।

এর আগে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে এয়ারট্রাঙ্ক গত এপ্রিলে মুম্বাইভিত্তিক ডেটা সেন্টার ডেভেলপার লুমিনা ক্লাউডইনফ্রা অধিগ্রহণ করে। এই অধিগ্রহণের মাধ্যমে দেশজুড়ে আরও ৬০০ মেগাওয়াট ডেটা সেন্টার সক্ষমতা যুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

শেয়ার করুনঃ
Advertisement