আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভার পথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভার পথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ফাইল ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:২২, ৬ জুন ২০২৬

বাংলাদেশের শ্রম অধিকার, কর্মসংস্থান ও সামাজিক ন্যায়বিচার বিষয়ক অগ্রগতি তুলে ধরতে ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) অংশ নিতে আজ শুক্রবার রাতে সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশ্যে দেশ ছাড়ছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আয়োজনে চলমান এই সম্মেলনে বিশ্বের ১৮৭টি দেশের সরকার, মালিক ও শ্রমিক পক্ষের প্রায় পাঁচ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। আগামী ৮ জুন সম্মেলনের মূল অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

শ্রম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শ্রমমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের শ্রম খাতের সাম্প্রতিক সংস্কার, শ্রমিকদের অধিকার সুরক্ষা, কর্মপরিবেশ উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগ তুলে ধরবেন। বিশেষভাবে সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া শ্রম আইন (সংশোধন) ২০২৬ এবং এর মাধ্যমে শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় অর্জিত অগ্রগতির বিষয়ও আলোচনায় স্থান পাবে।

জেনেভা সফরের সময় শ্রমমন্ত্রী আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক, ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালক এবং দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সরকারের ছয় সদস্যের প্রতিনিধি দলে শ্রমসচিব মো. আব্দুর রহমান তরফদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন। এছাড়া মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও সম্মেলনে অংশ নিচ্ছেন।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক শ্রমবাজারের পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশের অবস্থান, শ্রমিক কল্যাণ ও টেকসই কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা জোরদারে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুনঃ
Advertisement