শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল ইরান

শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল ইরান হরমুজ প্রণালী। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১০:২২, ১০ আগস্ট ২০২৬

যুদ্ধের ক্ষতিপূরণসহ তেহরানের বিভিন্ন দাবি পূরণ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলবে না বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

রোববার (৯ আগস্ট) আইআরজিসির পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রসহ ‘শত্রুপক্ষ’ তেহরানের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ও অবরোধের কৌশল অব্যাহত থাকবে।

বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। এখন প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপ এবং নির্ধারিত রুট এড়িয়ে চলার চেষ্টা করা জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছে তেহরান।

যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিকভাবেই জাহাজ চলাচল করত। তবে এপ্রিলে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও হামলা ও উত্তেজনা অব্যাহত থাকায় তা ভেঙে পড়ে। মধ্যস্থতাকারীরা উভয় পক্ষকে জুনের যুদ্ধবিরতির শর্তে ফিরে গিয়ে পুনরায় শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, হরমুজ প্রণালীর নৌ চলাচল ও ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন, প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্যান্য শর্ত এবং জুনের চুক্তি লঙ্ঘনের ক্ষতিপূরণের সঙ্গে সম্পর্কিত।

আরাগচি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো সরাসরি আলোচনা হচ্ছে না। দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে শুধু বার্তা আদান-প্রদান হচ্ছে।

এর আগে শনিবার ইরানের নিরাপত্তাপ্রধান মোহাম্মদ বাগের জোলঘাদার হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য তেহরানের কয়েকটি শর্তের কথা তুলে ধরেন বলে দেশটির তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে।

শর্তগুলোর মধ্যে রয়েছে ইরান এবং লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাকে তাদের মিত্রদের বিরুদ্ধে ‘যুদ্ধ ও আগ্রাসন’ বন্ধ করা, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধ প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়া।

এ ছাড়া বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ মুক্ত করা এবং যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছে তেহরান।

শেয়ার করুনঃ
Advertisement