ইরান ইস্যুতে সিউলের ওপর চাপ তৈরিতেই মহড়া কমালেন ট্রাম্প?

ইরান ইস্যুতে সিউলের ওপর চাপ তৈরিতেই মহড়া কমালেন ট্রাম্প? ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১৩, ১৯ আগস্ট ২০২৬

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া কমানোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে ইরান ইস্যুতে সিউলের ওপর চাপ তৈরির কৌশল হিসেবে দেখছে দক্ষিণ কোরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী চো হিউন বলেছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে দক্ষিণ কোরিয়াকে ইরানসংক্রান্ত মার্কিন সামরিক কর্মকাণ্ডে যুক্ত করার উদ্দেশ্য থাকতে পারে।

বুধবার (১৯ আগস্ট) দক্ষিণ কোরিয়ার সংসদীয় শুনানিতে এ বিষয়ে কথা বলেন চো হিউন। তিনি জানান, যৌথ সামরিক মহড়া কমানোর সিদ্ধান্তের বিষয়ে দক্ষিণ কোরিয়া বা মার্কিন সরকারের কোনো কর্মকর্তা আগে থেকে অবগত ছিলেন না।

এক আইনপ্রণেতার প্রশ্নের জবাবে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবশ্যই, আমাদের বা মার্কিন সরকারের কোনো কর্মকর্তাই এ বিষয়ে আগে থেকে জানতেন না।’

এর আগে ট্রাম্প পেন্টাগনকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশ দেন। এরপর দুই দেশের বার্ষিক ‘উলচি ফ্রিডম শিল্ড’ মহড়ার সময়সূচি ও পরিধি কমিয়ে আনা হয়েছে।

সিউল জানিয়েছে, সোমবার শুরু হওয়া এই সামরিক মহড়া নির্ধারিত সময়ের ছয় দিন আগে আগামী ২১ আগস্ট শেষ হবে। একই সঙ্গে মহড়ার কয়েকটি অংশের পরিধিও কমানো হয়েছে।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের সামরিক জোটের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এসব যৌথ মহড়া। উত্তর কোরিয়ার সম্ভাব্য সামরিক হুমকি মোকাবিলায় নিয়মিতভাবে এ ধরনের মহড়া পরিচালনা করে দুই দেশ।

ট্রাম্পের সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সামরিক জোটে সমন্বয় ও পারস্পরিক আস্থার প্রশ্ন নতুন করে সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে, যৌথ মহড়ার পরিধি কমানোর বিষয়টি উত্তর কোরিয়ার হুমকির পাশাপাশি এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্রদের মধ্যেও উদ্বেগ তৈরি করতে পারে।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুনঃ
Advertisement