ভারত থেকে বাংলাদেশে বিশাল অস্ত্রের চালান পাচারের চেষ্টা, গ্রেপ্তার ৪

ভারত থেকে বাংলাদেশে বিশাল অস্ত্রের চালান পাচারের চেষ্টা, গ্রেপ্তার ৪ ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৯:০৭, ২২ আগস্ট ২০২৬

ভারতের বিহার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে অভিযোগ থাকা বিপুল পরিমাণ অস্ত্র পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি পিস্তল—দুটি ৯ এমএম, ছয়টি ৭ এমএম এবং দুটি দেশি হ্যান্ডমেড পিস্তল। এ ছাড়া সাতটি খালি ম্যাগাজিন ও ২১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে মুর্শিদাবাদের জেলা পুলিশ সুপার শচীন মক্কার জানান, একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর থেকে পলাতক ছিলেন মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস যুব নেতা পাপাই ঘোষ। সম্প্রতি তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশ।

পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার (২১ আগস্ট) বহরমপুর থানার পুলিশ পাপাই ঘোষের বাড়িতে অভিযান চালায়। সেখানে সাতটি অবৈধ আগ্নেয়াস্ত্র, পাঁচটি ম্যাগাজিন এবং ১৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের পৃথকভাবে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরে মুর্শিদাবাদের জলঙ্গি এলাকায় আরেকটি অভিযান চালায় শক্তিপুর থানার পুলিশ। এ অভিযানে আরও পাঁচটি পিস্তল ও ৪০ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী অস্ত্রগুলো বিহার থেকে কেনা হয়েছিল এবং সেগুলো বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল। তবে মুর্শিদাবাদ ও আশপাশের এলাকা থেকে বাংলাদেশে পাচারের আগে অস্ত্র উদ্ধারের ঘটনা এটাই প্রথম নয়।

গত ১২ আগস্ট মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে সাতটি ৭ এমএম পিস্তল, ১০টি খালি ম্যাগাজিন ও ৩৫টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এর একদিন পর, ১৩ আগস্ট পেট্রাপোল-বেনাপোল সীমান্তসংলগ্ন এলাকা থেকে একটি ৯ এমএম পিস্তল ও দুটি ম্যাগাজিন জব্দ করা হয়।

শেয়ার করুনঃ
Advertisement