বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
Published : ১০:১৩, ২৩ আগস্ট ২০২৬
ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে বাংলাদেশিসহ ২৪ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ২২ জন।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি ওশান উইনার। ভারতীয় কোস্ট গার্ড জানিয়েছে, জাহাজটিতে ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি নাগরিক ছিলেন।
জাহাজটি ভারতের পারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল। শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার তথ্য পায় ভারতীয় কোস্ট গার্ডের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার। এরপরই উদ্ধার অভিযান শুরু হয়।
কাছাকাছি থাকা এমটি আইসোপস নামের একটি বাণিজ্যিক জাহাজকে অনুসন্ধান ও উদ্ধারকাজে যুক্ত করা হয়। পরে রাত ৮টার দিকে দুটি লাইফ র্যাফট থেকে দুজন নাবিককে জীবিত উদ্ধার করা হয়।
নিখোঁজদের উদ্ধারে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনীর তিনটি জাহাজ—বরদ, অনমোল ও বিজিত—অভিযানে অংশ নিয়েছে। আশপাশে অবস্থানরত অন্যান্য জাহাজকেও তল্লাশি কার্যক্রমে যুক্ত করা হয়েছে।
জাহাজটি কী কারণে ডুবে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ নাবিকদের সন্ধান এবং দুর্ঘটনার কারণ নির্ণয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে

































