এয়ারবাস চুক্তিতে ৮ লাখ ডলার ঘুষের অভিযোগ, গ্রেপ্তার নামাল রাজাপাকসে
Published : ১১:৩৩, ৫ সেপ্টেম্বর ২০২৬
এয়ারবাসের বিমান কেনাবেচা সংক্রান্ত একটি বড় চুক্তিতে ঘুষ গ্রহণের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলে ও সংসদ সদস্য নামাল রাজাপাকসেকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ ৮ লাখ মার্কিন ডলার ঘুষ নেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারের পর ৪০ বছর বয়সী নামাল রাজাপাকসেকে কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট আসাঙ্গা বোদারাগামার আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তদন্ত এগিয়ে নিতে তাকে দুই সপ্তাহ হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত।
এয়ারবাসের ২.৩ বিলিয়ন ডলারের চুক্তি
দুর্নীতি ও ঘুষ সংক্রান্ত তদন্ত কমিশন (সিআইএবিওসি) ২০১৩ সালের আলোচিত ২.৩ বিলিয়ন ডলারের এয়ারবাস চুক্তি নিয়ে তদন্ত করছে। ওই তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের পর নামাল রাজাপাকসেকে আদালতে হাজির করা হয়।
তদন্তকারী সংস্থার অভিযোগ, এয়ারবাসের কাছ থেকে শ্রীলঙ্কার কর্মকর্তা ও রাজনীতিবিদদের জন্য বরাদ্দ ঘুষের একটি অংশ হিসেবে নামাল রাজাপাকসে ৮ লাখ ডলার গ্রহণ করেন। সিঙ্গাপুরের দুটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে এক প্রভাবশালী ব্যবসায়ী ওই অর্থ স্থানান্তরে সহযোগিতা করেন বলেও আদালতকে জানিয়েছে তদন্ত সংস্থা।
নামাল রাজাপাকসের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করলেও তা নাকচ করে দেওয়া হয়।
মাহিন্দা রাজাপাকসেকেও জিজ্ঞাসাবাদ
একই চুক্তিকে কেন্দ্র করে এর আগে গত মে মাসে নামালের বাবা ও সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকেও জিজ্ঞাসাবাদ করেছিল দুর্নীতি দমন কমিশন।
অভিযোগ অনুযায়ী, ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত মাহিন্দা রাজাপাকসের শাসনামলে ১০টি এয়ারবাস কেনার জন্য মন্ত্রিসভার অনুমোদন পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রায় ১ কোটি ৬০ লাখ ডলার ঘুষ দেওয়ার বিষয়ে একটি চুক্তি হয়েছিল।
পরবর্তীতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ তদন্তেও এ চুক্তি নিয়ে অনিয়মের তথ্য উঠে আসে। ২০১৬ সালে তৎকালীন শ্রীলঙ্কা সরকার চুক্তিটি বাতিল করে।
তবে রাজাপাকসে পরিবার শুরু থেকেই তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

































