মার্কিন এইচ-১বি ভিসার ফি নিয়ে নতুন ঘোষণা দিলেন ট্রাম্প
Published : ১০:৩৯, ১৯ সেপ্টেম্বর ২০২৬
দক্ষ বিদেশি পেশাজীবীদের জন্য ব্যবহৃত এইচ-১বি নন-ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে ১ লাখ ডলারের পেমেন্ট-সংক্রান্ত বিধিনিষেধ আরও এক বছরের জন্য বাড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হোয়াইট হাউস জানিয়েছে, নতুন মেয়াদ ২১ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত এক নির্বাহী আদেশ ও ঘোষণায় এ সিদ্ধান্ত জানানো হয়। এইচ-১বি কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা প্রযুক্তিসহ বিভিন্ন খাতে দক্ষ বিদেশি কর্মীদের নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ দিতে পারেন।
ট্রাম্প প্রশাসনের দাবি, কিছু নিয়োগকর্তা ও আউটসোর্সিং প্রতিষ্ঠান কম বেতনে বিদেশি কর্মী নিয়োগের মাধ্যমে মার্কিন কর্মীদের জায়গা সংকুচিত করছে। এ কারণেই এইচ-১বি কর্মসূচিতে নিয়ন্ত্রণ ও যাচাই-বাছাই বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে ১ লাখ ডলারের ফি নিয়ে আইনি লড়াইও চলছে। জুনে একটি ফেডারেল বিচারক এই ফি-কে অবৈধ ঘোষণা করে তা আদায়ে সরকারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। পরবর্তী সময়ে বিষয়টি আপিল আদালতে গড়িয়েছে।
হোয়াইট হাউসের নতুন ঘোষণায় বলা হয়েছে, ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর প্রথম চালু হওয়া ১ লাখ ডলারের পেমেন্টের বিধিনিষেধই আরও ১২ মাস বহাল থাকবে। নতুন ঘোষণাটি মূলত যুক্তরাষ্ট্রের বাইরে থাকা নির্দিষ্ট এইচ-১বি আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য।
ব্যবসায়িক গোষ্ঠী ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বলে আসছে, এইচ-১বি ভিসা উচ্চ দক্ষতার কর্মী নিয়োগ এবং কিছু খাতে দক্ষ জনবলের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ। অন্যদিকে সমালোচকদের অভিযোগ, কিছু প্রতিষ্ঠান কম বেতনের বিদেশি কর্মী নিয়োগে এই কর্মসূচি ব্যবহার করে।
এইচ-১বি কর্মসূচি বিশেষ করে প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ এবং ভারত ও চীন থেকে দক্ষ কর্মী নিয়োগে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। নতুন নীতির কারণে যুক্তরাষ্ট্রে নিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাতেও প্রভাব পড়ছে বলে বিভিন্ন কোম্পানি ও শিল্পগোষ্ঠী জানিয়েছে।


































