‘ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দিলে ইসরায়েলের অস্তিত্ব থাকত না’: ট্রাম্প
Published : ১০:৩৩, ৭ নভেম্বর ২০২৬
ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিলে ইসরায়েলের অস্তিত্ব থাকত না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রেখেছে এবং এর ফলে ইসরায়েল ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে আয়োজিত ইউপি সামিটে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ট্রাম্প। এ সময় ইরানের বিরুদ্ধে তাঁর সামরিক অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমি যদি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতাম, তাহলে আজ ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকত না। ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত।’
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমানের হামলা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে ভূমিকা রেখেছে। ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের এ বক্তব্য এমন এক সময়ে এল, যখন ইরানের সঙ্গে যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টা চলার পাশাপাশি নতুন করে সামরিক অভিযান শুরুর আশঙ্কাও তৈরি হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ট্রাম্প ইঙ্গিত দেন, প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। তবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।


































