সৌদির দুই বিমানবন্দরে হামলা, আহত ৩
Published : ১৫:৪৭, ৬ অক্টোবর ২০২৬
সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জাজান ও নাজরান আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাতে পৃথক দুটি হামলায় তিনজন সামান্য আহত হয়েছেন। একই সঙ্গে বিমানবন্দর দুটির কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ)।
জিএসিএ জানিয়েছে, জাজানের কিং আবদুল্লাহ বিন আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং নাজরান আন্তর্জাতিক বিমানবন্দর—দুটিই হামলার লক্ষ্যবস্তু ছিল। হামলার পর জরুরি সেবা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও বিমানবন্দরকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা পর্যালোচনা করা হচ্ছে।
সৌদি কর্তৃপক্ষের প্রকাশিত বিবৃতিতে হামলার জন্য কোনো পক্ষকে সরাসরি দায়ী করা হয়নি। তবে একই সময়ে ইয়েমেনের হুতি আন্দোলন সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।
হুতিদের দাবি অনুযায়ী, জাজান ও নাজরানের পাশাপাশি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আবহা বিমানবন্দর, রাবিগে সৌদি আরামকোর একটি স্থাপনা এবং কয়েকটি সামরিক অবস্থানও হামলার লক্ষ্য ছিল।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে সাম্প্রতিক সংঘাতের উত্তেজনার মধ্যেই এসব হামলার ঘটনা ঘটেছে। সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী হুতিদের বিরুদ্ধে অভিযান জোরদার করার পর পাল্টা হিসেবে সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে হুতিরা।
হামলার পর সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার নিরাপত্তা নিয়ে সতর্কতা আরও বাড়ানো হয়েছে। বিমানবন্দরগুলোর স্বাভাবিক কার্যক্রম ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।































