দিল্লি বিমানবন্দরে আটক অভিজিৎ দীপকে
Published : ১২:০৩, ১০ অক্টোবর ২০২৬
ভারতের রাজধানী দিল্লিতে যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচির আগে কক্রোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে আটক করেছে দিল্লি পুলিশ। একই দিনে ইউটিউবার ধ্রুব রাঠিকেও গুরুগ্রামের বাসভবন থেকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে অবতরণের পর অভিজিৎ দীপককে বহনকারী উড়োজাহাজে উঠে তাঁকে আটক করেন পুলিশ সদস্যরা। এ সময় দীপক ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচারের মাধ্যমে পুলিশের তৎপরতা দেখান।
দীপকের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দিল্লি পুলিশের একটি দল উড়োজাহাজের ভেতরে প্রবেশ করছে। এ সময় সিজেপির আরও দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও উড়োজাহাজ থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, পুলিশ সূত্রের বরাতে জানানো হয়েছে, শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬-এ নিজের বাসভবন থেকে ধ্রুব রাঠিকে আটক করে দিল্লি পুলিশ। সিজেপির প্রস্তাবিত বিক্ষোভে অংশ নিতে তাঁর দিল্লিতে আসার পরিকল্পনা ছিল।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং নির্বাচনী সংস্কারের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। তবে কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশের পরিকল্পনা অনুযায়ী, বিক্ষোভকারীদের নয়াদিল্লি জেলায় প্রবেশ ঠেকানো এবং নিষিদ্ধ এলাকায় কেউ প্রবেশ করলে দ্রুত সরিয়ে দেওয়াই প্রধান লক্ষ্য। যন্তর মন্তর, জনপথ, নির্বাচন কমিশনের কার্যালয় ও দিল্লি পুলিশ সদর দপ্তরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিক্ষোভ ঘিরে দিল্লির বিভিন্ন স্থানে নজরদারিও বাড়ানো হয়েছে। সম্ভাব্য জমায়েত নিয়ন্ত্রণে পুলিশ মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে সতর্ক করছে। একই সঙ্গে বিক্ষোভে অংশ নিতে আসা ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।
তবে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক জানিয়েছেন, বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হলেও তাঁদের স্বেচ্ছাসেবক ও সমর্থকেরা যন্তর মন্তরের কর্মসূচিতে অংশ নেবেন। জনদুর্ভোগের আশঙ্কায় বিক্ষোভে বাধা দেওয়া হলেও পরিবহন চলাচলে বিধিনিষেধ আরোপের মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ানো হচ্ছে কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।





























