শিশু হত্যার ঘটনায় পদত্যাগ করলেন মার্কিন পুলিশ কর্মকর্তা

শিশু হত্যার ঘটনায় পদত্যাগ করলেন মার্কিন পুলিশ কর্মকর্তা ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১১:০২, ২৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে এক বছর বয়সী শিশু কোহেন উইলিকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা কেন ফস্টার পদত্যাগ করেছেন। ঘটনাটিকে বলপ্রয়োগ হিসেবে উল্লেখ করেছে দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর। শুক্রবার (২৩ অক্টোবর) সেনাটোব্যা শহরের এক কর্মকর্তা ফস্টারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করলেও এর নির্দিষ্ট কারণ জানাননি।

ফস্টারের আইনজীবী মার্টিন জুমাখ জানিয়েছেন, শহর ও পুলিশ বিভাগের স্বার্থ বিবেচনায় এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সুযোগ তৈরি করতে তাঁর মক্কেল পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আইনজীবীর দাবি, গাড়ির ভেতরে শিশু থাকার বিষয়টি ফস্টারের জানা ছিল না। একইভাবে গাড়িতে থাকা ব্যক্তিরা দোকান থেকে চুরির অভিযোগে পালাচ্ছিলেন, সে বিষয়েও তিনি অবগত ছিলেন না বলে দাবি করেন জুমাখ।

ঘটনাটি ঘটে গত ১৪ জুন। স্থানীয় একটি ওয়ালমার্ট দোকানে চুরির অভিযোগ তদন্ত করতে গিয়ে পুলিশ দুই নারী ও একটি শিশুকে গাড়িতে করে চলে যেতে দেখে। মিসিসিপি তদন্ত ব্যুরোর বিবরণ অনুযায়ী, পুলিশ গাড়িটি থামানোর চেষ্টা করলে চালক এক কর্মকর্তার দিকে গাড়ি এগিয়ে দেন। এ সময় এক পুলিশ কর্মকর্তা গুলি চালান। পরে হাসপাতালে নেওয়া হলে কোহেনকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হন।

তবে পুলিশের দেওয়া ঘটনার বিবরণ নিয়ে প্রশ্ন তুলেছেন শিশুটির মা ভেলেসিয়া উইলি। তাঁর ভাষ্য, শিশুর জন্য ডায়াপার কিনতেই তাঁরা দোকানে গিয়েছিলেন। গাড়িতে ওঠার পর পুলিশ এগিয়ে এলে তিনি শিশুটিকে তুলে ধরে দেখানোর চেষ্টা করেন, যাতে কর্মকর্তারা বুঝতে পারেন গাড়ির ভেতরে একটি শিশু রয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) মিসিসিপি জননিরাপত্তা বিভাগ এ ঘটনায় সংশ্লিষ্ট কয়েকজন পুলিশ কর্মকর্তার দেহে থাকা ক্যামেরায় ধারণ করা ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, দুই নারী দ্রুত গাড়িতে ওঠেন, যাঁদের একজনের কোলে শিশু ছিল। এরপর পাঁচজন পুলিশ কর্মকর্তা অস্ত্র তাক করে গাড়িটির দিকে এগিয়ে যান।

ভিডিওতে আরও দেখা যায়, গাড়িটি পেছনের দিকে যাওয়ার সময় পাশের একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। পরে গাড়িটি সামনে এগিয়ে গেলে এক কর্মকর্তা সরে যাওয়ার সময় গুলি ছোড়েন। এতে গাড়ির সামনের যাত্রীর পাশের জানালা ভেঙে যায়। এরপর গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে।

মেমফিস শহর থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণে অবস্থিত ছোট শহর সেনাটোব্যায় এ ঘটনা ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। শহরটির কৃষ্ণাঙ্গ বাসিন্দারা দীর্ঘদিন ধরে পুলিশের হয়রানির বিষয়ে অভিযোগ জানিয়ে আসছেন।

শেয়ার করুনঃ
Advertisement