১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক
Published : ১৬:১২, ১৫ জুন ২০২৬
দেশের সব ধরনের গণপরিবহণে আগামী ১ আগস্ট থেকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস স্থাপন এবং তা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় গত ১১ জুন একটি প্রজ্ঞাপন জারি করে। এর ধারাবাহিকতায় সোমবার (১৫ জুন) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিআরটিএ জানিয়েছে, গণপরিবহণ ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সড়ক নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থাপনা আরও কার্যকর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের সব গণপরিবহণে নির্ধারিত মানের জিপিএস ডিভাইস সংযুক্ত রাখতে হবে এবং তা সবসময় কার্যকর অবস্থায় রাখতে হবে।
সংস্থাটি আরও জানায়, জিপিএস ডিভাইসের কারিগরি মানদণ্ড (স্পেসিফিকেশন) বিআরটিএর স্থানীয় কার্যালয় কিংবা সংস্থার ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী, সংশ্লিষ্ট যানবাহনে জিপিএস সংযুক্তির বিষয়টি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন প্রদান এবং ফিটনেস সনদ নবায়ন করা হবে। এ নির্দেশনা বাস্তবায়নে পরিবহন মালিক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে বিআরটিএ।































